মুরগির সঙ্গে এ কেমন শত্রুতা!
এক রাতেই মেরে ফেলা হলো মুরগিগুলো। কী দোষ ছিল ৪ হাজার মুরগির? কারো কাছে এর উত্তর নেই। কে বা কারা এই জঘন্য কাজ করেছে জানে না খামারি।
শুক্রবার রাতে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর গ্রামের আয়নাল হক মণ্ডলের খামারে এ ঘটনা ঘটে।
খামারি আয়নাল হক মণ্ডল বলেন, শুক্রবার রাতে দুটি খামারের ৮ হাজার মুরগিকে খাবার দিয়ে বাড়িতে চলে যাই। শনিবার সকালে খামারে এসে দেখি একটি খামারে মরে পড়ে আছে ৪ হাজার মুরগি। কে বা কারা মুরগিগুলো হত্যা করেছে আমার জানা নেই।
আয়নাল হক আরো বলেন, মুরগিগুলোর বয়স হয়েছিল ৪৫ দিন। প্রত্যেকটার ওজন ছিল ৫শ’ গ্রাম করে। প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি করে আমাকে নিঃস্ব করল দুর্বত্তরা। ব্যাংক থেকে ঋণ নিয়ে খামার করেছিলাম, এখন কীভাবে এই ঋণ শোধ করবো জানি না।
এ ব্যাপারে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল হাই জানান, ৪ হাজার মুরগি হত্যার ঘটনাটি খুবই হৃদয়বিদারক। উপ-সহকারি প্রাণীসম্পদ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কিভাবে মুরগিগুলোকে হত্যা করা হয়েছে বিষয়টি জানার জন্য মুরগির নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে।