মশার আকৃতি দেখে ভয়ে এলাকাবাসী, আতঙ্ক নতুন রোগের
নভেল করোনাভাইরাস সংক্রমণে চীনে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। দেশটির ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, এখন পর্যন্ত মারা গেছেন ১৩২ জন। আর আক্রান্ত হয়েছেন প্রায় ছয় হাজার। বিশ্বজুড়ে এ ভাইরাস নিয়ে মানুষের মনে আতঙ্কের শেষ নেই।
এবার সেই আতঙ্কের মাঝেই নতুন করে মাথাচাড়া দিয়ে আরো এক ‘আতঙ্ক’। আর সেটি একটি মশার ছবি নিয়ে। মশাটি দেখতে ছোটখাটো প্রজাপতির মতো। স্পেনের এক টুইটার ইউজার মশার ছবিটি পোস্ট করেছেন। ছবিটি দেখে তার ফলোয়াররা নানা মতামত দিচ্ছেন। শুধু তাই নয় মশাটির ছবির পোস্ট করার পরেই এলাকাবাসী ভয়ে নিজেদের ঘরের দরজা-জানালা বন্ধ করে রাখছে।
স্পেনের করডোবা শহরের বাসিন্দা ইজাকুইল লোবো। টুইটারে ছবিটি পোস্ট করে তিনি দাবি করেন, এই মশাটি জানালা দিয়ে তাদের বাড়িতে ঢুকে পড়ে। লোবোর মা স্প্রে করে সেটি মেরে ফেলেন। এই বড় মশার পাশে একটি ছোট মশার ছবি পোস্ট করেছেন লোবো।
ছবিটি পোস্ট করে লোবো জানতে চেয়েছেন, এমন আকারের মশা আগে কেউ দেখেছেন কিনা। বেশিরভাগ ফলোয়ারই এই ছবি দেখে বিস্ময় প্রকাশ করেছেন। কেউ কেউ মশাটির ছবি দেখে নতুন রোগের আতঙ্কও প্রকাশ করেছেন।
লোবোর এই পোস্ট প্রায় এক লাখ ৪০ হাজার লাইক পেয়েছে। সেই সঙ্গে রিটুইট হয়েছে ২৩ হাজারের বেশিবার। কমেন্টে বেশ কয়েকজন এমন বড় বড় মশার ছবি, ভিডিও পোস্ট করেছেন। তবে লোবোর এই ছবি ও অন্যান্য ছবিগুলি কতটা সঠিক তা জানা যায়নি।