ঢাকা, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মতো মানবতাবিরোধী অপরাধী পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ মামলায় রাষ্ট্রপক্ষ তাঁর মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানাবে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আওয়ামী লীগ শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক শুনানি শুরুর আগে সাংবাদিকদের এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে বেলা ১১টা ১৫ মিনিটে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করে। শুনানির কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
নিরাপত্তা শঙ্কার কারণে সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত রয়েছেন আসামি জিয়াউল আহসান।
এর আগে ২২ নভেম্বর তাঁর পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। সাক্ষ্য দেওয়ার সময় তিনি মামলাসংক্রান্ত কিছু কাগজপত্র ও ভিডিও উপস্থাপন করেন।
এর আগে ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।