ঢাকা কলেজের ৫ শিক্ষার্থীকে গ্রেফতার দেখানোর আবেদন
শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে।
আগামীকাল সোমবার এ বিষয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। রোববার সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।
ঐ পাঁচ শিক্ষার্থী হলেন- হিসাববিজ্ঞান বিভাগের আব্দুল কাইয়ূম, সমাজবিজ্ঞান বিভাগের পলাশ ও ইরফান, বাংলা বিভাগের ফয়সাল, ইসলামের ইতিহাস বিভাগের জুনায়েদ।
আদালত সূত্রে জানা গেছে, ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থী নাহিদ হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে আটক রয়েছে। তাদেরকে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেফতার দেখানোর জন্য তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক হালদার অর্পিত ঠাকুর আদালতে আবেদন করেছেন। এ বিষয়ে আগামীকাল সোমবার শুনানি অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন> ‘নাহিদকে রড দিয়ে মাথায় আঘাত করে সিয়াম’
এর আগে ২০ এপ্রিল নিহত নাহিদের বাবা মো. নাদিম হোসেন বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় তিনি অজ্ঞাত আসামি উল্লেখ করেন। এ মামলায় ঐ পাঁচ শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়। এরপর গত ২৮ এপ্রিল আদালত পাঁচ জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে গত ২২ এপ্রিল শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে বাসা থেকে মকবুল হোসেনকে গ্রেফতার করা হয়। পরদিন ২৩ এপ্রিল এ মামলায় আসামি মকবুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে সে কারাগারে আটক রয়েছে।