ঢাকা কলেজের তিন শিক্ষার্থী ৩ দিনের রিমান্ডে
শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় করা পৃথক দুই মামলায় ঢাকা কলেজের তিন শিক্ষার্থীর তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার ঢাকা মহানগর হাকিম মো. মোশাররফ হোসেনের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
জানা গেছে, নাহিদ হাসান হত্যা মামলায় আসামি মাহমুদুল হাসান সিয়াম এবং পুলিশের কাজে বাধা অভিযোগে করা মামলায় আসামি মো. মেহেদী হাসান বাপ্পি ও মো. মোয়াজ্জেম হোসেন সজিবের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
এদিন তিন আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর নাহিদ হত্যা মামলায় আসামি সিয়ামের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. তারিকুল আলম জুয়েল।
এ সময় আসামিপক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে পুলিশের কাজে বাধা অভিযোগে করা মামলায় আসামি বাপ্পি ও সজীবের সাতদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক হালদার অর্পিত ঠাকুর। অন্যদিকে আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত ২২ এপ্রিল শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে বাসা থেকে মকবুল হোসেনকে গ্রেফতার করা হয়। পরদিন ২৩ এপ্রিল এ মামলায় আসামি মকবুলের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে সে কারাগারে আটক রয়েছে।
মকবুল হোসেন ছাড়া মামলায় আর যাদের নাম রয়েছে তারা হলেন- আমির হোসেন আলমগীর, মিজান, টিপু, হাজি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, হাসান জাহাঙ্গীর মিঠু, হারুন হাওলাদার, শাহ আলম শন্টু, শহিদুল ইসলাম শহিদ, জাপানি ফারুক, মিজান বেপারী, আসিফ, রহমত, সুমন, জসিম, বিল্লাল, হারুন, তোহা, মনির, বাচ্চু, জুলহাস, মিঠু, মিন্টু ও বাবুল।