‘দুর্গাপূজায় বিশৃঙ্খলা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক এসআরবি ৮’
শারদীয় দুর্গাপূজা ঘিরে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এ বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব বলে জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ জাকিউল করিম।
সোমবার দুপুরে ঝালকাঠিতে শারদীয় দুর্গাপূজার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও আখড়াবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
জাকিউল করিম বলেন, পূজামণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের নিরাপদ উপস্থিতি নিশ্চিত করতে জেলা ও স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে এসআরবি-৮। দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাটালিয়নের সদস্যরা সতর্ক ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
ঝালকাঠির সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা করে তিনি বলেন, ঝালকাঠি একটি শান্তিপূর্ণ জেলা। এখানকার পূজামণ্ডপগুলোর ঐতিহ্য রয়েছে। পুরোনো একটি মন্দির দেখে তার ভালো লেগেছে। এ জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকা ইতিবাচক বিষয়। সবাই যেন শান্তিতে বসবাস করতে পারেন, সে জন্য সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাবে এসআরবি-৮।
পরে তিনি পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্দির কমিটির নেতাদের সঙ্গে কথা বলেন। এ সময় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ডা. অসীম কুমার সাহা, সাধারণ সম্পাদক অলোক সাহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।