ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ, সাতজন টেঁটাবিদ্ধসহ আহত ২৫
সুনামগঞ্জের মধ্যনগরে জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে সাতজন টেঁটাবিদ্ধ হয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামের কাছের জনতা বাজারে এ সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমজোড়া গ্রামের জাকিরুল আজাদ মান্না ও জলুসা গ্রামের নূরে আলম জিকুর লোকজনের মধ্যে খাসজমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। বিরোধের জেরে এর আগেও বিভিন্ন সময়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমজোড়া ও জলুসা গ্রামের মধ্যবর্তী হাওর এলাকায় গেলে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জনতা বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে সাতজন টেঁটাবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হন।
আহতদের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নেত্রকোণার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মধ্যনগর থানার এসআই উৎপল কুমার সাহা বলেন, দুই পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। এর আগেও তারা একাধিকবার সংঘর্ষে জড়িয়েছেন। পূর্ববিরোধের জেরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্গম এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংঘর্ষ শেষ হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।