ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
লোহাগাড়ায় অবৈধ মাটি বহনের চার ড্রাম ট্রাক আটক
চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে মাটিভর্তি তিনটি ড্রাম ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। একই রাতে পৃথক অভিযানে আরও একটি ড্রাম ট্রাক আটক করেছে থানা পুলিশ। সব মিলিয়ে চারটি ড্রাম ট্রাক আটক করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার কলাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তেইল্লা পুকুরপাড় এলাকায় মাটিভর্তি চারটি ড্রাম ট্রাক আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজীদ-বিন-আখন্দ। এ সময় আনসার সদস্য, গণমাধ্যমকর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
অভিযান চলাকালে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে সেখান থেকে তিনটি ড্রাম ট্রাক জব্দ করে প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।
ইউএনও মো. বায়েজীদ-বিন-আখন্দ জানান, অবৈধভাবে মাটি কাটা ও পরিবেশের ক্ষতিসাধনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনটি মাটিভর্তি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, একই রাতে অবৈধভাবে মাটি কাটার স্থান থেকে আরও একটি ড্রাম ট্রাক আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। গাড়িটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে।