দক্ষিণ কোরিয়ার কারাগারে স্কুল, পড়াশোনায় বন্দীদের নতুন স্বপ্ন
দক্ষিণ কোরিয়ার একটি কারাগারের ভেতরেই চলছে নিয়মিত স্কুলের ক্লাস। শ্রেণিকক্ষে শিক্ষক বোর্ডে অঙ্ক বুঝিয়ে দিচ্ছেন, আর শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে তা শিখছে। কেউ আবার খাতায় লিখে নিচ্ছে পাঠের বিষয়বস্তু। বাইরে থেকে দেখলে সাধারণ কোনো স্কুলের শ্রেণিকক্ষ মনে হলেও এখানকার শিক্ষার্থীরা বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত তরুণ বন্দী।
সিউলের দক্ষিণে গুরো এলাকায় অবস্থিত সিউল সাউদার্ন কারেকশনাল ইনস্টিটিউশনের ভেতরে গড়ে তোলা হয়েছে ‘ম্যান্ডেলা বয়েজ স্কুল’। কারাগারে থাকা তরুণদের পড়াশোনার সুযোগ করে দিতে ২০২৩ সালের মার্চে দক্ষিণ কোরিয়ার বিচার মন্ত্রণালয় এ উদ্যোগ নেয়। এর উদ্দেশ্য, সাজা ভোগের পাশাপাশি তাদের শিক্ষাজীবন চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া, যাতে মুক্তির পর নতুনভাবে জীবন শুরু করতে পারে তারা।
দক্ষিণ কোরিয়ায় ফৌজদারি আদালতে কারাদণ্ড পাওয়া তরুণদের কারাগারেই সাজা ভোগ করতে হয়। ম্যান্ডেলা বয়েজ স্কুলে সাজা চূড়ান্ত হওয়ার সময় যাদের বয়স ১৭ বছর বা তার কম ছিল, তারা স্কুলের সমমানের পরীক্ষার পাশাপাশি দেশটির বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রতিযোগিতামূলক পরীক্ষা ‘সুনেউং’-এর প্রস্তুতি নিতে পারে।
চলতি বছর স্কুলটির প্রায় ৩০ জন শিক্ষার্থী সুনেউং প্রস্তুতি ক্লাসে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১১ জন পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন করেছে।
১৭ বছর বয়সী এক বন্দী পার্ক সু-ইয়ং (ছদ্মনাম) দুই মাস ধরে এই স্কুলের সুনেউং প্রস্তুতি ক্লাসে পড়ছে। ভবিষ্যতে সমাজকল্যাণ বিষয়ে পড়াশোনা করার ইচ্ছা তার। কারাগারে যাওয়ার আগে পুলিশ কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখত সে।
নিজের অপরাধের জন্য অনুশোচনা রয়েছে পার্কের। বিচার চলাকালে মায়ের দিকে ঠিকমতো তাকাতে পারেনি সে। রায় ঘোষণার পর মাকে কাঁদতে দেখে নিজেও ভেঙে পড়ে। তখন তার মনে হয়েছিল, এরপর কীভাবে জীবন কাটাবে এবং একা হয়ে যাওয়া মায়ের দেখাশোনা কীভাবে করবে। আটক কেন্দ্রে থাকার সময় প্রায় এক সপ্তাহ কেঁদেছিল বলে জানায় সে। নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে না পারার জন্য এখনো লজ্জিত পার্ক। ছোটবেলার নিজের সঙ্গে দেখা হলে আবেগ নিয়ন্ত্রণের পরামর্শ দিত বলে জানায় সে।
কারাগার থেকে মুক্তির পর পুরোনো বন্ধু ও পরিচিতদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নতুন জীবন শুরু করতে চায় পার্ক। তার ধারণা, বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলে পুরোনো এলাকা ছেড়ে অন্য কোথাও গিয়ে নতুনভাবে জীবন গড়তে পারবে। এ কারণেই আবার পড়াশোনা শুরু করেছে সে।
তবে সুনেউং পরীক্ষার প্রস্তুতি সহজ নয়। পার্কের ভাষায়, প্রতিদিনই এক ধরনের সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়। কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে শিক্ষকরা বারবার বুঝিয়ে দেন। এরপরও নিজে চেষ্টা করে না বুঝতে পারলে সহপাঠীদের সাহায্য নেয় সে।
প্রতিদিন সকাল সাড়ে ৬টায় কারা কর্মকর্তাদের তল্লাশির মধ্য দিয়ে শুরু হয় তার দিন। এরপর ইংরেজি শব্দ মুখস্থ ও কোরিয়ান ভাষার পাঠ অনুশীলন করে। সকাল ৮টায় ক্লাস শুরু হয়। বিরতির সময় শিক্ষার্থীরা পরিবারের সঙ্গে ফোনে কথা বলে অথবা নির্ধারিত সাক্ষাতে অংশ নেয়। সন্ধ্যায় আবার তত্ত্বাবধানে পড়তে বসে তারা। পার্ক সাধারণত রাত ১০টা পর্যন্ত পড়াশোনা করে। এর বেশি সময় পড়তে চাইলে কারা কর্মকর্তার অনুমতি নিতে হয়।
এ বছর পরীক্ষায় ভালো ফল করলেও এখনই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ হবে না পার্কের। ২০২৮ সালে তার মুক্তি পাওয়ার কথা। তাই এবারের পরীক্ষাকে অভিজ্ঞতা হিসেবে কাজে লাগিয়ে আগামী বছর আরও ভালো প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা করেছে সে।
ম্যান্ডেলা বয়েজ স্কুলে সাতজন কারা কর্মকর্তা শিক্ষকতা করেন। তাদের প্রত্যেকেরই শিক্ষকতার সনদ রয়েছে এবং প্রত্যেকে একটি নির্দিষ্ট বিষয়ের দায়িত্বে আছেন। এ ছাড়া অতিথি প্রশিক্ষকেরা মানবিক, কলা ও খেলাধুলার ক্লাস নেন। বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরাও পড়াশোনায় সহায়তা করেন। শিক্ষার্থীদের জন্য রয়েছে মনস্তাত্ত্বিক পরামর্শের ব্যবস্থাও।
২০২৩ সালে এই স্কুলে শিক্ষক হিসেবে যোগ দেন পার্ক মিন-ইয়ং। তিনি বিজ্ঞান পড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের সুনেউং পরীক্ষার প্রস্তুতি দেন। তাদের অভ্যাস ও আচরণ পরিবর্তনেও কাজ করেন তিনি। তার মতে, তরুণ বন্দীদের শুধু পড়াশোনা শেখালেই হবে না, দায়িত্বশীল প্রাপ্তবয়স্ক মানুষ হিসেবেও গড়ে তুলতে হবে।
পার্ক মিন-ইয়ং মনে করেন, পড়াশোনা কাউকে অপরাধের পথ থেকে পুরোপুরি সরিয়ে দেবে—এমন নিশ্চয়তা নেই। তবে কঠিন বিষয় বোঝার চেষ্টা, ভুল থেকে শেখা এবং ফল ভালো না হলেও চেষ্টা চালিয়ে যাওয়ার অভ্যাস তাদের মধ্যে ধৈর্য ও অধ্যবসায় তৈরি করতে পারে। মুক্তির পর জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় এসব অভিজ্ঞতা কাজে লাগতে পারে।
পড়াশোনার বিষয়বস্তু শিক্ষার্থীদের চিন্তাভাবনায়ও পরিবর্তন আনতে পারে বলে মনে করেন তিনি। কোরিয়ান ভাষার পাঠে সাহিত্য, সমাজ, বিজ্ঞান ও দর্শনের নানা বিষয় থাকে। এসব পড়তে গিয়ে শিক্ষার্থীদের ভিন্ন মত ও দৃষ্টিভঙ্গি বুঝতে হয়, যুক্তির পেছনের প্রমাণ খুঁজতে হয় এবং নিজেদের ধারণা নিয়েও নতুন করে ভাবতে হয়।
তবে শ্রেণিকক্ষে সব সময় ইতিবাচক পরিবর্তন দেখা যায় না। পার্ক মিন-ইয়ং জানান, কখনো কখনো শিক্ষার্থীরা তার সামনেই পরীক্ষায় নকল করে। বকা দেওয়ার পরও কেউ কেউ একই কাজ করে। তার মতে, অনেকেই নিজেদের আচরণ অন্যদের ওপর কী প্রভাব ফেলতে পারে, তা নিয়ে যথেষ্ট ভাবে না।
শিক্ষার্থীদের মধ্যে স্বীকৃতি পাওয়ার প্রবণতাও লক্ষ করেন তিনি। ভালো ফল বা সামান্য অর্জনের জন্যও তারা প্রশংসা পেতে চায়। তবে এই আচরণকে শুধু নেতিবাচক হিসেবে দেখেন না তিনি। বরং শিক্ষার্থীদের ইতিবাচক কাজের স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
ম্যান্ডেলা বয়েজ স্কুলের উদ্যোগ নিয়ে অবশ্য সবার সমর্থন নেই। সমালোচকদের যুক্তি, অপরাধে জড়িত নয় এমন অনেক তরুণকেও বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হয়। সেখানে সাজাপ্রাপ্তদের জন্য আলাদাভাবে পড়াশোনা ও ভর্তি পরীক্ষার প্রস্তুতির সুযোগ দেওয়ায় ক্ষোভ তৈরি হতে পারে।
সিউল আর্চডায়োসিসের সংশোধনমূলক মন্ত্রণালয় কমিটির ফাদার জিয়ং মিন-হা এই সমালোচনার কথা স্বীকার করেন। তবে তার মতে, পড়াশোনা বন্দীদের মধ্যে অর্জনের অনুভূতি তৈরি করে এবং নিজেদের জীবন নিয়ে নতুন করে ভাবার সুযোগ দেয়। পুনর্বাসনের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এই উদ্যোগে সাফল্যের পাশাপাশি ব্যর্থতার ঘটনাও রয়েছে। পার্ক মিন-ইয়ং এমন এক শিক্ষার্থীর কথা স্মরণ করেন, যে স্কুলে ভালো ফল করেছিল, কিন্তু পরে আবার কারাগারে ফিরে আসে। শিক্ষার্থীর এই ফিরে আসাকে হতাশাজনক বলে উল্লেখ করেন তিনি।
দক্ষিণ কোরিয়ার বিচার মন্ত্রণালয়ের ২০২৬ সালের সংশোধনমূলক পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে মুক্তি পাওয়া ২০ বছরের কম বয়সী বন্দীদের ৩৫ দশমিক ৫ শতাংশ তিন বছরের মধ্যে আবার কারাগারে ফিরেছিল। সব বয়সী বন্দীদের ক্ষেত্রে এ হার ছিল ২১ দশমিক ২ শতাংশ। অর্থাৎ তরুণদের পুনরায় কারাবন্দী হওয়ার হার ছিল সামগ্রিক হারের প্রায় ১ দশমিক ৭ গুণ।
তবু ম্যান্ডেলা বয়েজ স্কুলের শিক্ষক পার্ক মিন-ইয়ং আশা ছাড়তে চান না। তার প্রত্যাশা, শিক্ষার্থীরা কারাগার থেকে বের হওয়ার পরও পড়াশোনা চালিয়ে যাবে এবং নিজেদের জীবন বদলানোর চেষ্টা করবে।
বিচার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই স্কুলের কয়েকজন সাবেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছে। কেউ কেউ মুক্তির পরও পড়াশোনা চালিয়ে গেছে। এমনকি কয়েকজন আবাসিক ভর্তি পরীক্ষার প্রস্তুতি প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে।
পার্ক সু-ইয়ংয়ের মতো তরুণদের জন্য এই স্কুল তাই শুধু পরীক্ষার প্রস্তুতির জায়গা নয়, বরং মুক্তির পর নতুন জীবন গড়ার একটি সম্ভাবনাও। তবে সেই সম্ভাবনা বাস্তবে কতটা কাজে লাগবে, তা নির্ভর করবে কারাগারের বাইরে গিয়েও তারা পড়াশোনা ও ইতিবাচক পরিবর্তনের ধারাবাহিকতা ধরে রাখতে পারে কি না, তার ওপর।