ঢাকা,  শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরান বলছে আত্মরক্ষার পদক্ষেপ হরমুজকে বন্ধ রাখা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৮:২৬, ১২ সেপ্টেম্বর ২০২৬
ইরান বলছে আত্মরক্ষার পদক্ষেপ হরমুজকে বন্ধ রাখা
ছবি: সংগৃহীত

ইরান দাবি করেছে, আন্তর্জাতিক আইনের আওতায় আত্মরক্ষার ব্যবস্থা হিসেবেই হরমুজ প্রণালি বন্ধ রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের অব্যাহত নৌ ও অর্থনৈতিক অবরোধের মধ্যে শুক্রবার এ কথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

তিনি বলেন, ইরান কূটনীতির জন্য উন্মুক্ত। তবে আলোচনায় আগ্রহী নয়—এমন কোনো পক্ষের সঙ্গে আলোচনা করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের অবরোধকে ‘শত্রুতামূলক পদক্ষেপ’ উল্লেখ করে বাঘাই বলেন, ইরান বর্তমানে যুদ্ধে রয়েছে।

Advertisement

ইরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে বন্ধ রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি।

বাঘাই জানান, সোমবার ওমানে ইরান, ইরাক ও কয়েকটি উপসাগরীয় দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেবে তেহরান। বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি এবং হরমুজ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে আলোচনা হবে।

এ ছাড়া বাণিজ্যিক জাহাজের জন্য নিরাপদ পথ তৈরির বিষয়ে ইরান ও ওমানের সাম্প্রতিক আলোচনার অগ্রগতিও বৈঠকে পর্যালোচনা করা হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজে অবরোধ এখনো কার্যকর রয়েছে। গত ১৪ জুলাই অবরোধ পুনরায় শুরুর পর ৯৯টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে।

সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, জুনের মাঝামাঝি অবরোধের প্রথম দফায় যুক্তরাষ্ট্র ১৯৪টি জাহাজের গতিপথ পরিবর্তন করে এবং নয়টি জাহাজ চলাচলের অযোগ্য করে দেয়।

এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে।

 

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!