ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত, বাড়ছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৩, ১০ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত, বাড়ছে জ্বালানি তেলের দাম
ছবি: হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এখনও সীমিত থাকায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। ফলে আজ এশিয়ার বাজারে প্রারম্ভিক লেনদেনে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম বাংলাদেশ সময় সকাল ৭টা নাগাদ ০.৮৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৬ ডলার ৭৫ সেন্টে পৌঁছেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও ১ শতাংশের বেশি বেড়েছে।

যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও হরমুজ প্রণালির পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার কারণে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি এখন গুরুতর পরীক্ষার মুখে পড়েছে।

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করে ইরান ‘খুবই খারাপ কাজ’ করছে। তিনি সতর্ক করে দিয়েছেন যে, এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে কোনো ধরনের ফি বা টোল আদায় করা যাবে না।

এদিকে, সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় সাম্প্রতিক হামলার ফলে দেশটির তেল উত্তোলন ক্ষমতা দৈনিক প্রায় ৬ লাখ ব্যারেল কমে গেছে। একই সঙ্গে, ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের পরিবহন সক্ষমতাও দৈনিক ৭ লাখ ব্যারেল কমেছে বলে গতকাল সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালি বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহের মূল পথ। এখানে চলাচল সীমিত থাকায় বিশ্বব্যাপী জ্বালানির সরবরাহে চাপ পড়ছে এবং দামের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে চলমান সংঘাতের কারণে চুক্তির স্থায়িত্ব নিয়ে সংশয় দেখা দিয়েছে।

সূত্র: আল জাজিরা

ডেইলি-বাংলাদেশ/টিএএস
ট্যাগ: ইরান
লিংক সফলভাবে কপি হয়েছে!