ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চুক্তি মানতে ব্যর্থ হলে ইরানে আবার ভয়াবহ গোলাবর্ষণ শুরু হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫৭, ৯ এপ্রিল ২০২৬
চুক্তি মানতে ব্যর্থ হলে ইরানে আবার ভয়াবহ গোলাবর্ষণ শুরু হবে: ট্রাম্প
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে হওয়া চুক্তি পুরোপুরি মানতে ব্যর্থ হয়, তবে যুক্তরাষ্ট্র আবার হামলা শুরু করবে। যুক্তরাষ্ট্রের সময় বুধবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানকে এই হুমকি দেন।

ট্রাম্প লিখেছেন, ‘যদি কোনো কারণে তা না হয় (চুক্তি মানা না হয়)—তেমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম—তাহলে “গোলাবর্ষণ শুরু হবে”। আরও বড়, আরও ভয়াবহ এবং আরও শক্তিশালীভাবে তা হবে, যা আগে কেউ কখনো দেখেনি।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেন, যুক্তরাষ্ট্রের সব জাহাজ, উড়োজাহাজ, সামরিক সদস্য, অতিরিক্ত গোলাবারুদ, অস্ত্রশস্ত্র ইরানের ভেতরে ও আশপাশে অবস্থান করবে, যতক্ষণ না পর্যন্ত চুক্তি পুরোপুরি মানা হচ্ছে।

Advertisement

এর আগে গতকালই ইরানের পক্ষ থেকে বলা হয়, লেবাননে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় শত শত মানুষ নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তিচুক্তির আলোচনা এগোনোটা হবে অযৌক্তিক।

যুদ্ধ বন্ধে একটি চুক্তি করার পাশাপাশি হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত মঙ্গলবার রাত আটটা (ইস্টার্ন টাইম) পর্যন্ত সময় দিয়েছিলেন ট্রাম্প। এই সময়সীমা না মানলে ইরানের ‘পুরো সভ্যতা’ ধ্বংসের হুমকি দিয়েছিলেন তিনি।

তবে সময়সীমা শেষ হওয়ার দুই ঘণ্টা আগে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা আসে দুই পক্ষ থেকে। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানি কর্মকর্তাদের আগামী শুক্রবার পাকিস্তানে আলোচনায় বসার কথা রয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!