মঙ্গলবার বরগুনায় এনসিপির জেলা শাখা আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় এসব কথা বলেন সারজিস আলম। দিনব্যাপী কর্মসূচিতে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ স্থানীয় নেতা-কর্মীরা অংশ নেন। বেলা একটার পর কেন্দ্রীয় নেতারা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় বিএনপিকে ক্ষমতার অপপ্রয়োগ ও দলীয়করণ বন্ধের আহ্বান জানান এনসিপির নেতারা।
.png)
শেখ হাসিনার শাসনামলের প্রসঙ্গ টেনে সারজিস আলম বলেন, অপরাধীদের দলীয় পরিচয় বা পদ বিবেচনা করে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হলে বিএনপি একসময় অপরাধের অভয়ারণ্যে পরিণত হতে পারে। তিনি সাম্প্রতিক সময়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রসঙ্গ তুলে ধরেন। এ ঘটনায় বিএনপির কোনো ভূমিকা না থাকায় সন্তোষ প্রকাশের পাশাপাশি হামলায় জড়িত ব্যক্তিদের বিচারে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
দেশের বর্তমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য সরকারি অব্যবস্থাপনাকে দায়ী করেন সারজিস আলম। তরুণদের ভবিষ্যৎ রক্ষায় মাদকমুক্ত সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সারজিস আলম আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। দলটি সাংগঠনিকভাবে নির্বাচনের প্রস্তুতি জোরদার করেছে বলেও জানান তিনি।
অন্যদিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার অভিযোগ করেন, জুলাই সনদ নিয়ে সরকার প্রতারণার আশ্রয় নিচ্ছে। দ্রুত সনদ বাস্তবায়ন না করলে বর্তমান সরকার তার মেয়াদ শেষ করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
কর্মশালা ও মতবিনিময় সভায় এনসিপির স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা দেশের রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক কার্যক্রম এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা করেন।