ভক্তদের মনে প্রশ্ন জায়েদ খানের নতুন রূপ দেখে
হাতে রাইফেল, কোমরে পিস্তল, চোখে সানগ্লাস আর সাদা টি-শার্ট পরিহিত ভিন্ন এক লুকে ক্যামেরার সামনে হাজির হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। বর্তমানে কানাডায় অবস্থান করছেন তিনি। তার এমন রূপ দেখে ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, এটি কি নতুন কোনো অ্যাকশন সিনেমার প্রস্তুতি, নাকি শুটিংয়ের কোনো দৃশ্য।
খোঁজ নিয়ে জানা গেছে, কানাডায় নির্মিতব্য বাংলা সিনেমা ভায়োলেন্স-এর জন্যই এমন লুকে দেখা গেছে তাকে। অ্যাকশনধর্মী এই সিনেমায় কানাডীয় পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে হাতে রাইফেল ও কোমরে পিস্তল নিয়ে আলোচনায় আসা নির্দিষ্ট ছবিটি সিনেমাটির শুটিংয়ের দৃশ্য কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। একটি সূত্র জানিয়েছে, ভায়োলেন্স সিনেমার শুটিংয়ের সময়ই ছবিটি তোলা হয়েছে।
কামাল হোসেন বাবর পরিচালিত ভায়োলেন্স সিনেমায় জায়েদ খানের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা শিরিন শীলা। বর্তমানে কানাডায় চলছে সিনেমাটির শুটিং। যুক্তরাষ্ট্র থেকে সেখানে গিয়ে শুটিংয়ে অংশ নিয়েছেন জায়েদ। সিনেমাটির প্রযোজনায় রয়েছেন প্রকৌশলী হাফিজুর রহমান লিটন ও সাবরিনা চৌধুরী। কানাডীয় পুলিশের চরিত্রে জায়েদ খানের অভিনয়ের বিষয়টি ইতিমধ্যে বেশ আলোচনায় এসেছে।
এদিকে, বড় পর্দায় জায়েদ খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে ২০২৪ সালের সোনার চর মুক্তি পেয়েছিল। দীর্ঘ বিরতির পর নতুন সিনেমা ভায়োলেন্স দিয়ে তাকে সম্পূর্ণ অ্যাকশনধর্মী চরিত্রে দেখার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা। তবে সিনেমাটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।