ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

খাইবার পাখতুনখোয়ায় বিস্ফোরণ: ৭ পুলিশ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৯, ১৪ মার্চ ২০২৬
খাইবার পাখতুনখোয়ায় বিস্ফোরণ: ৭ পুলিশ সদস্য নিহত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত এলাকায় পুলিশের টহল গাড়িকে লক্ষ্য করে বোমা হামলায় অন্তত সাত পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় স্টেশন হাউস অফিসারও (এসএইচও) নিহতদের মধ্যে রয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে শুক্রবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি।

কর্তৃপক্ষ জানায়, খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত জেলার বেট্টানি উপজাতীয় এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় পুলিশের একটি গাড়িকে লক্ষ্য করে শক্তিশালী বিস্ফোরণ ঘটানো হয়। এতে ঘটনাস্থলেই স্টেশন হাউস অফিসার (এসএইচও)-সহ সাতজন পুলিশ সদস্য নিহত হন।

Advertisement

জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) জানান, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে পুলিশের গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন এসএইচও সদর আজম, কনস্টেবল শাহ বাহরাম, কনস্টেবল শাহ খালিদ, কনস্টেবল হাজি মুহাম্মদ, কনস্টেবল গুলজাদা ও কনস্টেবল সাখি জাদা।

এদিকে ঘটনার পরপরই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলার ধরন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি নিহত পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তিনি বলেন, সন্ত্রাসবাদ নির্মূলে সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং নিরাপত্তা বাহিনীর আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না।

সূত্র: সামা টিভি

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!