উল্লাপাড়ায় রেলসেতুতে ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় ২ যুবক নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলসেতুর ওপর দাঁড়িয়ে ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় ফয়সাল কবির (২৫) ও সামির হোসেন (২৪) নামে দুই যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উল্লাপাড়া উপজেলার ঘাটিনা রেলওয়ে সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল কবির ও সামির হোসেন সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তাদের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে দুই যুবক ঘাটিনা রেলওয়ে সেতুর ওপর উঠে মোবাইল ফোনে ছবি তুলছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি সেতুর কাছে চলে আসে। হঠাৎ ট্রেনটি সামনে চলে আসায় তারা সেতু থেকে দ্রুত সরে যাওয়ার সুযোগ পাননি। এতে ট্রেনের ধাক্কায় তারা গুরুতর আহত হন।
স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, আমরা দূর থেকে দেখি দুইজন সেতুর ওপর ছবি তুলছিল। হঠাৎ ট্রেন চলে আসলে তারা প্রাণে বাঁচার চেষ্টা করেন। ঘটনাটা খুবই মর্মান্তিক।
স্থানীয় ব্যক্তি আব্দুল কাদের জানান, ট্রেনের ধাক্কায় একজন ঘটনাস্থলেই মারা যান। অন্যজন গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে আহত সামির হোসেনকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, রেলসেতুর ওপর দাঁড়িয়ে ছবি তুলতে গিয়ে দুই যুবক ট্রেনের ধাক্কায় আহত হন। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেয়ার পর অপরজনও মারা যান। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।