ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

চীনে রেস্তোরায় গ্যাস বিস্ফোরণে নিহত ৩, আহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৭, ২১ অক্টোবর ২০২১
চীনে রেস্তোরায় গ্যাস বিস্ফোরণে নিহত ৩, আহত ৩৩
ছবি: সংগৃহীত

চীনে একটি রেস্তোরাঁয় গ্যাসলাইন বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩৩ জন।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে দেশটির লিয়াওনিং প্রদেশের রাজধানী শেনইয়াং শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি।

ভয়াবহ ওই বিস্ফোরণের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, বিস্ফোরণে দোকানটির দরজা-জানালা উড়ে গিয়ে অন্যস্থানে পড়েছে। ধোঁয়ার কুণ্ডলী ও ধুলায় ঢেকে গেছে দুর্ঘটনার কবলে পড়া রেস্তোরাঁসংলগ্ন রাস্তা। নিরাপদে আশ্রয় নিতে ছোটাছুটি করছে আতঙ্কিত লোকজন।

এদিকে বিস্ফোরণের পর ঘটনাস্থলে ছুটে যায় অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপণ দলের সদস্যরা। তারা ৩৩ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। এখনও উদ্ধার তৎপরতা চলছে।

চীনে গ্যাস বিস্ফোরণের ঘটনা প্রায় ঘটে থাকে। দেশটিতে নিরাপত্তাসংক্রান্ত দূর্বল নীতিমালাকে এর জন্য দায়ী করা হয়। পাশাপাশি এ–সংক্রান্ত আইন প্রয়োগেও তেমন কড়াকড়ি করা হয় না বলে অভিযোগ রয়েছে। চলতি বছরের জুনেই চীনের হুবেই প্রদেশে একটি আবাসিক এলাকায় গ্যাসলাইনে বিস্ফোরণে ২৫ জনের মৃত্যু হয়। আহত হয় আরও শতাধিক।

জুনের ওই ঘটনা তদন্তে নামে চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তখন জানা যায়, দুর্ঘটনার কবলে পড়া গ্যাসের পাইপে মারাত্মক ত্রুটি ছিল। এ ছাড়া নেয়া হয়নি যথাযথ নিরাপত্তাব্যবস্থাও। এসবের জেরে ওই গ্যাস পাইপের মালিকানাধীন প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপকসহ আটজনকে আটক করা হয়।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!