রিয়াদে আবারও বিকট বিস্ফোরণের শব্দ
সৌদি আরবের রাজধানী রিয়াদের মধ্যাঞ্চলে আবারও বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এটি ক্ষেপণাস্ত্র হামলা, নাকি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে কোনো হামলা প্রতিহত করার ঘটনা, তা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে শনিবার রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হতাহতদের মধ্যে দুই বাংলাদেশি নাগরিকও রয়েছেন।
শনিবারের হামলার জবাবে রোববার ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা রাজধানী সানার বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এসব হামলার প্রায় এক ঘণ্টা পর রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে দুটি ঘটনার মধ্যে সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
বিমানবন্দরে হামলায় নিহত ১২ জনের মধ্যে দুই বাংলাদেশি ছাড়াও যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক রয়েছেন। বাকি পাঁচজন সৌদি আরবের নাগরিক।
হামলায় প্রাণহানির পাশাপাশি অবকাঠামোরও ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণের কাজ চলছে। ঘটনার পর রিয়াদ বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ করে দেওয়া হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
গত প্রায় দুই মাস ধরে হুথি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে। এতে সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক মানুষও হতাহত হচ্ছেন।
সূত্র: আলজাজিরা