ঢাকা,  শনিবার   ০৭ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

মালিক শনাক্ত করতে কুকুরের ডিএনএ টেস্ট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩১, ২৩ নভেম্বর ২০২০
মালিক শনাক্ত করতে কুকুরের ডিএনএ টেস্ট
মালিক শনাক্ত করতে কুকুরের ডিএনএ টেস্ট

দুই ব্যক্তি একটি তিন বছরের ‘ল্যাবরেডর’ প্রজাতির কালো কুকুরের মালিকানা দাবি করছেন। শেষ পর্যন্ত সেই কুকুরটির ডিএনএ পরীক্ষা করতে হচ্ছে।

ভারতের মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদ এলাকায় ঘটনাটি ঘটেছে। সাদাব খান ও কার্তিক শিবহারে নামের দুই ব্যক্তি ওই কুকুরের মালিকানা দাবি করছেন।

এনডিটিভি’র একটি প্রতিবেদন অনুসারে, সাদাব খানের অভিযোগ, তার কালো ল্যাবরেডর কোকো বেশ কিছুদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রতিবেশী শিবহারে কুকুরটিকে আটকে রেখেছে। অন্যদিকে, শিবহারের বক্তব্য, কুকুরটি তার নিজের। তার কুকুরটির নাম টাইগার।

কোকো হারিয়ে যাওয়ার পরই আগস্টে পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেছিলেন সাদাব। সম্প্রতি তিনি শিবহারের বাড়িতে সেই কুকুরটিকে দেখতে পেয়েছেন। পরে শিবহারের বাড়িতে গিয়ে কোকোকে নিয়ে যাওয়ার কথা বলেন সাদাব। কিন্তু সেখানেই চরম অশান্তি শুরু হয় তাদের মধ্যে। 

১৮ নভেম্বর ছবি নিয়ে পুলিশের কাছে ফের অভিযোগ করেন সাদাব এবং ডিএনএ টেস্টের দাবি করেন। পরের দিন পুলিশ স্টেশনে যান শিবহারে। তিনিও গিয়ে অভিযোগ দায়ের করেন এবং কুকুরের মালিকানা দাবি করেন।

সাদাব খানের দাবি, তিনি ২০১৭ সালে পাঁচমারি থেকে এই কুকুর ছানাটিকে কিনে নিয়ে এসেছিলেন। অন্যদিকে, শিবহারের দাবি ইতারসির এক ব্রিডারের কাছ থেকে কয়েক সপ্তাহ আগেই কুকুরটিকে নিয়ে এসেছেন তিনি।

শুক্রবার কুকুরটিকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। তার রক্তের নমুনা নিয়ে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার বাবা-মায়ের খোঁজ পেলেই কুকুরের মালিকানা বিচার হবে। অদ্ভুতভাবে কুকুরটি কোকো বা টাইগার কোনো নামেই সাড়া দিচ্ছে না। দুই মালিকের সঙ্গেই বন্ধুত্ব রয়েছে তার।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!