সড়কে খাবার খাচ্ছে বিরল প্রজাতির সাদা কাক!
কাক শব্দ শুনলে চোখের দৃশ্যপটে ভেসে উঠে কালো একটি পাখি। যে পাখির কা কা ডাকে সাধারণত শহরের কর্মময় দিন শুরু। সেই পাখির গায়ের রঙ যদি হয় সাদা, তবে চমকে উঠার মতোই বিষয়। হ্যা, দিল্লির সড়কে কালো কাকদের সঙ্গে খাবার খেতে দেখা গেছে একটি সাদা কাককে। যার ছবি ও ভিডিও অফলাইন-অনলাইনে ভাইরাল হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের এক প্রতিবেদন অনুসারে, সাদা রঙের কাকের বিষয়টি অনেকে জানেন। এ বিরল প্রজাতির কাকের অস্তিত্বও রয়েছে। সাধারণত শহরাঞ্চলে কালো রঙের দাঁড় কাক দেখা যায়। গ্রামেও দাড় কাক দেখা যায়। কিন্তু দিল্লির সড়কে খাবার খাওয়াতে ব্যস্ত সাদা কাক দেখে ভিড় জমান পথচারীরা। কয়েকজন সেই বিরল প্রজাতির কাকের কয়েকটি ছবি, ভিডিও তুলে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।
ভিডিও-তে দেখা যায়, রাজধানীর সড়কে এক ব্যক্তি কাকদের খাবার দিয়েছেন। সেই খাবার খেতে হাজির একটি সাদা রঙের কাক। তার পাশে আবার বেশ কয়েকটি কালো কাকও রয়েছে।
জি নিউজের প্রতিবেদনটি অনুসারে, সাদা রঙের ওই কাককে অ্যালবিনো ক্রো বলা হয়। সাধারণত সাদা রঙের কাকের ঠোঁট ও পা গোলাপি রঙের হয়। এদিকে বিরল প্রজাতির সাদা-কালো কাকও আফ্রিকা ও আমেরিকার কিছু অঞ্চলে দেখা যায়। তবে অ্যালবিনো ক্রো আমেরিকার বহু জায়গায় দেখা গেছে।