কালিয়াকৈরে ১৪৯ পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি
গাজীপুরের কালিয়াকৈরে আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে উপজেলার ১৪৯টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে উপজেলা প্রশাসন। মণ্ডপে সিসিটিভি ক্যামেরা সচল রাখা, পর্যাপ্ত আলোকসজ্জা, অগ্নিনিরাপত্তা, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং নারী ও শিশুদের সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভায় এসব বিষয়ে আলোচনা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম তালুকদার, কালিয়াকৈর পল্লী বিদ্যুতের ডিজিএম শাহারুল ইসলাম, উপজেলা বিএডিসি কর্মকর্তা রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, মৌচাক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ এবং কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম হোসেন সানি। এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা জোরদার, দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করা এবং নারী ও শিশুদের সুরক্ষার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, বিকল্প বিদ্যুৎ সরবরাহ এবং অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
উৎসব চলাকালে জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখা এবং মণ্ডপগুলোতে স্বেচ্ছাসেবক নিয়োগের বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজা উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভাপতির বক্তব্যে শামসুন নাহার শিলা বলেন, প্রতি বছরের মতো এবারও শারদীয় দুর্গাপূজা নিরাপদ, নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় বাসিন্দাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।