ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নাশকতার মামলায় নিরপরাধ মানুষকে হয়রানি নয়, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবি

কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৪, ১২ অক্টোবর ২০২৬
নাশকতার মামলায় নিরপরাধ মানুষকে হয়রানি নয়, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবি
কয়রা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা। ছবি: ডেইলি বাংলাদেশ

নাশকতার মামলায় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি নিরপরাধ মানুষকে হয়রানি না করার দাবি উঠেছে খুলনার কয়রায়। একই সঙ্গে আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে অক্টোবর মাসের আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব বিষয় উঠে আসে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকী।

সভায় জেলা বিএনপির সদস্য এম এ হাছান নাশকতার মামলায় প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান। তিনি বলেন, নাশকতার মামলায় আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তার করা হোক। সাধারণ মানুষকে কেন এসব মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হচ্ছে? এ পর্যন্ত নাশকতার মামলায় পুলিশ যাদের গ্রেপ্তার করেছে, তাদের অধিকাংশই ছোট পর্যায়ের আসামি। প্রকৃত দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপির কমিটি না থাকার বিষয়টিও সভায় তুলে ধরেন এম এ হাছান। তিনি বলেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পরিচয়ে কারা থানায় নাশকতার মামলা করেছেন, তা যাচাই করা প্রয়োজন ছিল। বর্তমানে মহেশ্বরীপুর ইউনিয়নে বিএনপির কোনো কমিটি নেই বলে দাবি করেন তিনি।

এম এ হাছানের অভিযোগ, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলাটি রেকর্ড করেছেন। তবে মামলা নেওয়ার আগে মহেশ্বরীপুর ইউনিয়নে বিএনপির কোনো কমিটি রয়েছে কি না, তা যাচাই করা উচিত ছিল।

সভায় দুর্গাপূজার নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী বলেন, আর কয়েক দিন পর হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে হবে।

সভায় কয়রা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/খুলনা/এমকে
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!