ডেইলি বাংলাদেশে খবর: স্বাস্থ্যের পরিবহন কর্মকর্তা হাফিজ উদ্দিন বরখাস্ত
আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগে ঘুষ গ্রহণের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের পরিবহন কর্মকর্তা হাফিজ উদ্দিনকে প্রশাসনিক সিদ্ধান্তে বরখাস্ত করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। পাশাপাশি এই নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গত ৬ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দীন মোহাম্মদ রুমি স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে ঘুষ গ্রহণের অভিযোগে অধিদপ্তরের পরিবহন কর্মকর্তা হাফিজ উদ্দিনকে বরখাস্তের কথা উল্লেখ করা হয়। এর আগে গত ২০ জুলাই ডেইলি বাংলাদেশ- এ ‘স্বাস্থ্যে আউটসোর্সিং কর্মী নিয়োগে ঘুষের সিন্ডিকেট’ শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয়। নিউজে সিন্ডিকেট সদস্য হিসেবে ঠিকাদার প্রতিষ্ঠান পিমা এসোসিয়েটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. দেলোয়ার হোসেন (দুলাল) এর পাশাপাশি তার সহযোগি হিসেবে স্বাস্থ্য অধিপ্তরের পরিবহন কর্মকর্তা মো. হাফিজ উদ্দিন প্রধান এবং স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) ডা. মো. নাছির উদ্দিনের জড়িত থাকার বিষয়টি উঠে আসে। এরপর গত ২৩ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের আউটসোর্সিং কার্মচারীদের কাছ থেকে ঘুষের বিনিময়ে অবৈধ নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে অভিযোগ যাচাই-বাছাই/তদন্তপূর্বক বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় গত ৬ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পরিবহন কর্মকর্তা হাফিজ উদ্দিনকে বরখস্ত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু হাফিজ উদ্দিন, পরিবহন কর্মকর্তা (নিজ বেতনে), স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকায় কর্মরত আছেন; তাহার বিরুদ্ধে আউটসোর্সিং কর্মচারীদের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অনৈতিক টাকা দাবি এবং অর্থ লেনদেনে সরাসরি অভিযোগ রয়েছে। যেহেতু ইতোমধ্যে মো. হাফিজ উদ্দিন, পরিবহন কর্মকর্তা (নিজ বেতনে), স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা এর বিরুদ্ধে আনীত অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত প্রক্রিয়া চলমান রহিয়াছে; যেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(১) ধারা অনুযায়ী কোন কর্মচারীকে নিয়োগকারী কর্তৃপক্ষ অভিযোগের মাত্রা ও প্রকৃতি, অভিযুক্ত কর্মচারীকে তাহার দায়িত্ব হইতে বিরত রাখার আবশ্যকতা, তৎকর্তৃক তদন্ত কার্যে প্রভাব বিস্তারের আশঙ্কা ইত্যাদি বিবেচনা করে তকে সাময়িক বরখাস্ত করতে পারে।
সেহেতু হাফিজ উদ্দিনকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপনের তারিখ হইতে চাকরি হইতে সাময়িক বরখাস্ত করা হইল। সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হইবে।
এদিকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের সব দিক যাচাই করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।