[ বিনোদন ]
টেনাশিনাসের আহ্বায়ক আব্দুল আজিজ, সদস্য সচিব কাজী আসাদ
ছবি: সংগৃহীত
বিশিষ্ট অভিনেতা আব্দুল আজিজকে আহ্বায়ক ও কাজী আসাদকে সদস্য সচিব করে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পীদের নিয়ে গঠিত টেলিভিশন নাট্যশিল্পী ও নাট্যকার সংসদের (টেনাশিনাস) ৫ সদস্যর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক কমিটির অনান্য সদস্যদের মধ্যে রয়েছেন বরেণ্য অভিনেতা নাট্যকার নাট্যসংগঠক আবুল কাশেম, বিশিষ্ট অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী খুরশিদুজ্জামান উৎপল ও বিশিষ্ট অভিনেত্রী হুসনে আরা নার্গিস।
বিগত ২৫ বছর ধরে সংগঠনের কোনো নতুন কমিটি হয়নি। সর্বশেষ কার্যকরী পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়া সত্ত্বে ও নতুন কার্যকরী পরিষদ গঠন না করা, নতুন সদস্য অন্তর্ভুক্ত না করা, সদস্যদের স্বার্থ সংরক্ষণে নেতৃত্বের ব্যর্থতা, সর্বোপরি সংগঠনের আদর্শ উদ্দেশ্য অনুযায়ী কোন কার্যক্রম না থাকায় টেনাশিনাসকে নতুন করে উজ্জীবীত করার লক্ষ্যে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বেশ কয়েকজন নাট্যশিল্পী ও নাট্যকারদের উৎসাহে সংগঠনটিকে কার্যকর করার এই পদক্ষেপ নেয়া হয়েছে।
নবগঠিত আহবায়ক কমিটি আগামী ৬ মাসের মধ্যে টেনাশিনাসের সদস্য হালনাগাদ এবং নতুন সদস্য অন্তর্ভুক্ত করে সাধারণ সভার মাধ্যমে সকল সদস্যদের ভোটাধিকারের ভিত্তিতে নতুন কার্যকরী পরিষদ গঠনের উদ্যোগ গ্রহণ করবে বলে জানান সংগঠনটির মুখপাত্র অভিনেতা কবির আহমেদ। আহবায়ক কমিটি টেনাশিনাসের সকল সদস্যকে সহযোগিতা করার আহবান জানিয়েছে। উল্লেখ্য, ১৯৬৭ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। টেলিভিশন নাট্যশিল্পী ও নাট্যকারদের পেশাগত মর্যাদা ও স্বার্থ সংরক্ষণ, সুস্থ সাংস্কৃতিক চর্চা ও বিকাশের মাধ্যমে পরস্পরের মধ্যে শ্রদ্ধা, আন্তরিকতা ও সহযোগিতা বৃদ্ধি এবং তাদের সার্বিক কল্যাণের উদ্দেশ্যে টেনাশিনাস প্রতিষ্ঠিত হয়। টেলিভিশন নাট্যশিল্পী ও নাট্যকারদের স্বার্থ রক্ষায় টেনাশিনাসের গৌরবময় ঐতিহ্য রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!