ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত জামায়াত কর্মীকে গ্রেপ্তারের

দাবিতে সংবাদ সম্মেলন
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০১, ২২ নভেম্বর ২০২৬
ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত জামায়াত কর্মীকে গ্রেপ্তারের
ছবি ডেইলি বাংলাদেশ

 

 

 

 

পাবনার ঈশ্বরদীতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মোবারক হোসেন ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে শিশুটির পরিবার।

 

রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার মুলাডুলি ইউনিয়নের নিকড়হাটা গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিশুটির বাবা আমিরুল ইসলাম। এ সময় বক্তব্য দেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ও যুবদল নেতা শরীফুল হকসহ স্থানীয় ব্যক্তিরা।

 

লিখিত বক্তব্যে আমিরুল ইসলাম অভিযোগ করেন, গত ১৯ অক্টোবর স্কুল থেকে বাড়ি ফেরার পথে পার্শ্ববর্তী একটি লিচুবাগানে তার পাঁচ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করেন প্রতিবেশী মোবারক হোসেন। এ ঘটনায় ঈশ্বরদী থানায় এজাহার দায়ের করা হলেও দীর্ঘদিনেও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি বলে দাবি করেন তিনি।

 

তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্ত মোবারক ও তাকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগে স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিনকে গ্রেপ্তারের দাবিতে গত ১ নভেম্বর মুলাডুলি রেলগেটে মানববন্ধন করা হয়। সেখানে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হলেও এখন পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তারে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

 

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, অভিযুক্ত মোবারক জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। রাজনৈতিক পরিচয় ও কোনো অদৃশ্য শক্তির প্রভাবে তাকে গ্রেপ্তার করা হচ্ছে না বলে অভিযোগ করেন তারা। অভিযুক্ত প্রকাশ্যে ঘোরাফেরা করলেও তাকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

 

শিশুটির বাবা আরও অভিযোগ করেন, মামলা করার পর থেকে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি তার জমি ও বাগানের ফল-ফসলের ক্ষতি করা হচ্ছে। এ অবস্থায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।

 

সংবাদ সম্মেলন থেকে অভিযুক্ত মোবারক হোসেন ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আমিনুর রহমান, নজরুল ইসলাম মুকুল, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বাবুর আলী, জিয়াউর রহমান ও কৃষক দল নেতা জহুরুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এদিকে, এ ঘটনায় অভিযুক্তের জামায়াত-সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা জামায়াতের আমির  মু. সাইদুল ইসলাম। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে যিনি জড়িত, তাঁকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। তিনি জামায়াতের কোনো কর্মী নন। নির্বাচনের সময় হয়তো অনেকেই জামায়াতের পক্ষে নির্বাচন করেছেন, ভোট চেয়েছেন। তবে সে কারণে তাঁকে জামায়াতের কর্মী বলা যাবে না।

 

তিনি আরও বলেন, এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সঙ্গে যে-ই জড়িত থাকুক না কেন, তার অবশ্যই শাস্তি হতে হবে। সে যে দলেরই হোক না কেন।

 

এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন, ঘটনার পর তারা স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেছিলেন। মীমাংসা করতে না পেরে ঘটনার সাত দিন পর থানায় মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। দ্রুতই আসামিকে গ্রেপ্তার করা হবে।

 

 

ডেইলি-বাংলাদেশ/পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!