ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

এক পা হারানো শিউলি, ভালোবাসায় পা হারাতে চান রতনও

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৪, ২১ সেপ্টেম্বর ২০২৬
এক পা হারানো শিউলি, ভালোবাসায় পা হারাতে চান রতনও
সংগৃহীত ছবি

ছোটবেলা থেকেই শিউলিকে ভালোবাসে রতন। সময়ের সঙ্গে দুজনের বয়স বেড়েছে, বদলেছে জীবনের বাস্তবতাও। শিউলি এখন শিউলি ফুল বিক্রি করে জীবিকা চালান। অন্যদিকে রতন শহরের পথে পথে শিশুদের খেলনা বিক্রি করেন। অভাব-অনটনের মধ্যেও ভালোবাসার মানুষটির পাশে থাকার চেষ্টা করে রতন।

তবে ছোটবেলার এক অসুস্থতা শিউলির জীবনকে বদলে দেয়। ওই অসুস্থতায় তার একটি পা নষ্ট হয়ে যায়। এরপর এক পায়ে ভর করেই জীবনসংগ্রাম চালিয়ে যাচ্ছে সে। শারীরিক প্রতিবন্ধকতার কারণে রতনের সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও একধরনের হীনম্মন্যতায় ভোগে শিউলি। তার মনে হয়, শারীরিক এই পার্থক্যের কারণে তারা কখনোই একে অপরের ‘সমান’ হতে পারবে না।

Advertisement

এদিকে মেয়ের বিয়ের জন্য উদ্যোগী হন শিউলির মা। শিউলির শারীরিক অবস্থার কথা জেনেও এক ব্যক্তি তাকে বিয়ে করতে রাজি হন। একপর্যায়ে বিয়ের দিন-তারিখও ঠিক হয়ে যায়।

পরিস্থিতি যখন রতনের হাতছাড়া হতে শুরু করে, তখন শিউলিকে ফিরে পাওয়ার মরিয়া চেষ্টা শুরু করে সে। শিউলির সঙ্গে নিজেকে ‘সমান’ করে তুলতে নেয় এক অদ্ভুত সিদ্ধান্ত—এমনকি নিজের একটি পা হারানোর কথাও ভাবতে শুরু করে রতন।

ভালোবাসার মানুষটির সঙ্গে নিজেকে সমান করে তোলার এই আত্মত্যাগের আকাঙ্ক্ষাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে নাটক ‘সমান সমান’। ভালোবাসা, আত্মত্যাগ ও মানবিক অনুভূতির জটিল টানাপোড়েন উঠে এসেছে নাটকটির গল্পে।

নাটকটিতে রতন ও শিউলি চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও নিশা চৌধুরী। এটি পরিচালনা করেছেন রওনক রিপন। সাইফুল আলম শামীম ও রওনক রিপনের চিত্রনাট্যে নির্মিত নাটকটি প্রথমে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত হয়। সম্প্রতি নাটকটি ইউটিউবেও উন্মুক্ত করা হয়েছে।

ইউটিউবে এখনো খুব বেশি ভিউ না পেলেও দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে ‘সমান সমান’। নাটকটি দেখে এক দর্শক মন্তব্য করেছেন, ‘ভালো লেগেছে নাটকটি। তবে ভিউস আরও বেশি হওয়া উচিত ছিল।’ আরেকজন নিশা চৌধুরীর অভিনয়ের প্রশংসা করে লিখেছেন, ‘নিশা চৌধুরীর অভিনয়টা খুব সুন্দর হয়েছে।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘খুব সুন্দর একটি কাজ।’

শ্যামল মাওলা ও নিশা চৌধুরী ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন রেজওয়ান পারভেজ, আয়মন শিমলা, শিল্পী সরকার, সাইফুল আলম শামীম, শিশুশিল্পী কথা, কিষাণসহ আরও অনেকে।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!