ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

নাচের কথা বলে তরুণীদের দিয়ে দেহ ব্যবসা, গ্রেফতার নৃত্যশিল্পী সোহাগ

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৭, ১২ সেপ্টেম্বর ২০২০
নাচের কথা বলে তরুণীদের দিয়ে দেহ ব্যবসা, গ্রেফতার নৃত্যশিল্পী সোহাগ
ইভান শাহরিয়ার সোহাগ

দুবাইয়ে ড্যান্সবারের আড়ালে নারী পাচারের অভিযোগে জনপ্রিয় কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিটের একটি দল রাজধানীর নিকেতনের একটি বাসা থেকে গ্রেফতার করে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অ্যাডিশনাল ডিআইজি শেখ রেজাউল হায়দার।

তিনি বলেন, দুবাইয়ে ড্যান্সবারের আড়ালে নারী পাচারের অভিযোগে সম্প্রতি আজম খানসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে দু’জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে উঠে আসে কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের নাম। সেই তথ্যের ভিত্তিতে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিট তাকে গ্রেফতার করে।

Advertisement

এর আগে দুবাই পুলিশের তথ্যের ভিত্তিতে গত মাসে সিআইডি আজম খানসহ তার পাচারকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করে। এরপর তাদের মধ্যে ৩ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। সেই জবানবন্দির ভিত্তিতেই গ্রেফতার করা হয় সোহাগকে। 

সিআইডি জানায়, নাচের আড়ালে নারী পাচার করে থাকেন তারা। সোহাগ ট্রান্স ট্রুপ নামে একটি ডান্স কোম্পানি পরিচালনা করে আসছিলেন। বিভিন্ন করপোরেট অনুষ্ঠানে নাচ করে তার দল।

চক্রটির বাংলাদেশের মূলহোতা আজমসহ তার দুই সহযোগী ময়না ও মো. আলামিন হোসেন ওরফে ডায়মন্ডকে গ্রেফতারের পর সিআইডি জানায়, প্রথমে হোটেলে চাকরি দেয়ার কথা বলে ২০/২২ বছর বয়সী তরুণীদের প্রলুব্ধ করা হতো। বিশ্বস্ততা অর্জনের জন্য বেতন হিসেবে ২০ থেকে ৩০ হাজার টাকা নগদ পরিশোধ করা হতো। শুধু তাই নয় দুবাইয়ে যাওয়া-আসা বাবদ সব ধরনের খরচও দিত দালাল চক্র। কিন্তু দুবাই যাওয়ার পরে তাদেরকে হোটেলে জিম্মি করা হয়, জোরপূর্বক দেহ ব্যবসাসহ ড্যান্সক্লাবে নাচতে বাধ্য করা হয়।

গত আট বছরে এভাবে প্রলুব্ধ করে চাকরির নামে বাংলাদেশের শতাধিক তরুণী-কিশোরীকে দুবাইয়ে পাচার করা হয়েছে। তাদেরকে দিয়ে প্রস্টিটিউশনে জড়াতে বাধ্য করেছে আন্তর্জাতিক নারী পাচার চক্র।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!