ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ রাজনীতি ]

ক্ষমতায় ফ্যাসিবাদ, বাইরে নাশকতা করে আওয়ামী লীগ: আখতার

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৩, ১৭ নভেম্বর ২০২৬
ক্ষমতায় ফ্যাসিবাদ, বাইরে নাশকতা করে আওয়ামী লীগ: আখতার
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ কায়েম করে, আর ক্ষমতার বাইরে গেলে নাশকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করে।

তিনি অভিযোগ করেন, ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ আয়নাঘর প্রতিষ্ঠা করে দেশের মানুষকে গুম ও নির্যাতন করেছে। পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরের ঘটনাও ঘটেছে তাদের শাসনামলে। এরপর ২০২৪ সালের জুলাই-আগস্টে অল্প সময়ের মধ্যে অসংখ্য মানুষ গুম, খুন ও হত্যার শিকার হয়েছেন। ২০২৪ সালের পরও আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে দলটি দেশে নাশকতা ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আখতার হোসেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!