ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

শ্রমিক আন্দোলন যৌক্তিক, তবে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা চলছে: জোনায়েদ সাকি

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৬, ১৭ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলন যৌক্তিক, তবে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা চলছে: জোনায়েদ সাকি
ছবি: সংগৃহীত

শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার আদায়ের আন্দোলন যৌক্তিক বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। তবে এ আন্দোলন যেন কোনো অপশক্তি ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সে বিষয়ে শ্রমিকদের সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, শ্রমিকরা অবশ্যই আন্দোলন করবেন। তবে সেই আন্দোলন হতে হবে নিজেদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, মজুরি বৃদ্ধি এবং কলকারখানার উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে।

তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে, ফ্যাসিস্ট শক্তি নানা উপায়ে শ্রমিকদের আন্দোলনে প্রবেশ করে তা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। শ্রমিকদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে। কোনো অপশক্তি যেন তাদের ন্যায্য আন্দোলনকে প্রভাবিত করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। শ্রমিক আন্দোলন যেন শ্রমিকদের নিজেদের আন্দোলন হিসেবেই থাকে।

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশ অনুযায়ী প্রতি তিন বছর পরপর শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের বিধান রয়েছে। বর্তমান সরকারও এ বিধান গ্রহণ করেছে। তিন বছর পূর্ণ হওয়ার সময় হওয়ায় সরকার মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে। শ্রমিক প্রতিনিধি দেওয়ার পরদিনই মজুরি বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান বাজারদর, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ করতে হবে। শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া বিবেচনার পাশাপাশি কলকারখানার উন্নয়ন ও বিকাশ নিশ্চিত করাও জরুরি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!