ঢাকা, মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
খুলনায় পরিত্যক্ত রান্নাঘর থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার
খুলনায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-৬ স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে মহানগরীর পশ্চিম টুটপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৬ এর মিডিয়া অফিসার সৈয়দ ফজলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মৃত নওয়াব আলী সিকদারের বাড়ির পুরোনো রান্নাঘর থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় অস্ত্রের পাশ থেকে একটি মোবাইল ফোনও পাওয়া যায়।
উদ্ধার করা মোবাইল ফোন থেকে ধারণা করা হচ্ছে, অস্ত্র ও মোবাইল ফোনটি খুলনার তালিকাভুক্ত সন্ত্রাসী শহিদুল ইসলাম সিজান (২৬)-এর। অভিযানের সময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সিজান পালিয়ে যান।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামত জব্দ করা হয়। এ ঘটনায় পলাতক শহিদুল ইসলাম সিজান (২৬), পিতা মৃত শাহজাহান সিকদার, টুটপাড়া, খুলনা সদর—এর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামত খুলনা সদর থানায় হস্তান্তর করা হবে।