বিপাকে সৃজিত মুখার্জি!
প্রশাসনের কাছ থেকে অনুমতি না নিয়েই ‘ফেলুদা ফেরত’ ওয়েব সিরিজের জন্য ড্রোন উড়িয়ে শুটিং করছিলেন সৃজিত মুখার্জি। জলপাইগুড়ির মেটেলি ব্লকে গরুমারা জাতীয় উদ্যান এলাকায় শুটিং করেই বিপাকে পড়লেন তিনি। আইন ভাঙায় দিতে হল জরিমানা।
বন্যপ্রাণ আইন অনুযায়ী, জাতীয় উদ্যান ও সংলগ্ন এলাকায় শুটিং করতে অনুমতি প্রয়োজন। পশুপাখিদের নিরাপত্তার কারণে ড্রোন উড়িয়ে শুটিং করা নিষিদ্ধ।
তাহলে কীভাবে গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় চলল ছবির শুটিং? প্রথম থেকেই দর্শকের ভূমিকায় ছিলেন বন কর্মীরা। তাদের দাবি, অনুমতির কথা জানিয়েছিল শুটিংয়ের লোকেরা। সকাল থেকে মূর্তি নদীর পারে শুটিংয়ের ব্যস্ততা। তাতেই বেড়াতে এসে সমস্যায় পড়েছিলেন পর্যটকরাও। সংবাদমাধ্যমের ক্যামেরা ঘুরতেই তৎপর হয় বনদফতর। বন্ধ করে দেয়া হয় শুটিং।
৩ জানুয়ারি পর্যন্ত মূর্তি এলাকায় শুটিং হওয়ার কথা। ড্রোন ওড়ানো নিয়ে পরিচালক সৃজিত মুখার্জি বলেন, জঙ্গলের সীমানা জানতেন না তারা। নিয়মভঙ্গ করায় দিতে হয়েছে জরিমানা।
এর আগে গরুমারা জাতীয় উদ্যানে ড্রোনে ছবি তুলে গ্রেফতার হয়েছিলেন জলপাইগুড়ির ইঞ্জিনিয়ার জশপ্রকাশ দেবদাস। এবার ড্রোনে শুটিং করে বিতর্কে পরিচালক সৃজিত মুখার্জি। ছবি তুলতে গেলে সাংবাদিকদের সঙ্গে তার টিমের দুর্ব্যবহারেরও অভিযোগ উঠেছে।