ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:১০, ১৪ অক্টোবর ২০২৬
অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম
চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী ।। ছবি: সংগৃহীত

আলোচিত ঢাকাই চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন। এরপর পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত জখম অবস্থায় হাসপাতালে নিলে তার মাথায় ৪টি সেলাই দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি বাড়িতে অবস্থান করছেন।

মঙ্গলবার দুপুরে শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডে নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

সমু চৌধুরী জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেল গ্যারেজে মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের মালিক হৃদয় ও মেকানিক জাহাঙ্গীর ইট দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেন।

হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন গ্যারেজ মালিক হৃদয়। তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। তবে মা-বোন তুলে গালাগাল করায় হামলা করা হয় বলে মুঠোফোনে জাহাঙ্গীর তাকে জানিয়েছে।

অন্যদিকে, সমু চৌধুরীর ওপর হামলার খবরে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন জানান, জড়িতদের আটকে অভিযান চলছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!