দাওয়াতপত্রে যথাযথ মর্যাদা না থাকায় অনুষ্ঠানে যোগ দিইনি: পরওয়ার
জুলাই শহীদদের স্মরণে আয়োজিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে বিরোধী দলগুলোর অনুপস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষোভ প্রকাশের পর, এ বিষয়ে জামায়াতে ইসলামীর অবস্থান ব্যাখ্যা করেছেন দলটির সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। মঙ্গলবার (২০ অক্টোবর) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি না যাওয়ার কারণ স্পষ্ট করেন।
গোলাম পরওয়ার বলেন, সরকারি ওই অনুষ্ঠানের দাওয়াতপত্রে ক্যাবিনেট সদস্য ও প্রশাসনের কর্তাব্যক্তিদের নাম নির্দিষ্ট থাকলেও মন্ত্রীর পদমর্যাদার বিরোধীদলীয় নেতার পদবী বা অবস্থান স্পষ্ট ছিল না। তিনি সেখানে কোন মর্যাদায় উপস্থিত হবেন এবং আসন কোথায় হবে তা সুনির্দিষ্ট না থাকায় মর্যাদাপূর্ণ উপস্থিতির স্বার্থেই তারা যোগ দেওয়া থেকে বিরত থেকেছেন।
এর আগে সোমবার (১৯ অক্টোবর) ওসমানী উদ্যানে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, শহীদদের কারণেই আজ বিরোধী দলের নেতারা মর্যাদা ও পরিচিতি পেয়েছেন। তাই শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। বিরোধিতা যেন শুধু বিরোধিতার খাতিরে না হয়—পুরোনো রাজনৈতিক সংস্কৃতি পরিহার করে গঠনমূলক ভূমিকার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।