কেয়া গ্রুপের চার কারখানায় ৭৩৯ শ্রমিক-কর্মচারী ছাঁটাই
গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় কেয়া গ্রুপের চারটি প্রতিষ্ঠানের ৭৩৯ জন শ্রমিক ও কর্মচারীকে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। সোমবার (১৯ অক্টোবর) রাতে কারখানাগুলোর প্রধান ফটকে এ-সংক্রান্ত নোটিশ টানিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন কাজ করেও চাকরি হারিয়ে পরিবার নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন অনেক শ্রমিক। তবে শ্রম আইন অনুযায়ী ছাঁটাই হওয়া কর্মীদের পাওনা পরিশোধের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
ছাঁটাই হওয়া প্রতিষ্ঠানগুলো হলো কেয়া গ্রুপের নিট কম্পোজিট ডিভিশন, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন ও কেয়া ইয়ার্ন মিলস লিমিটেড।
কর্তৃপক্ষের নোটিশে বলা হয়েছে, ব্যাংকিং জটিলতা, গ্যাস বিল পরিশোধ করতে না পারায় সংযোগ বিচ্ছিন্ন থাকা এবং প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জনবলের কারণে উৎপাদন ও প্রশাসনিক ব্যয় কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নোটিশ অনুযায়ী, গত ৬ জুন থেকে কারখানাগুলো লে-অফে রয়েছে। কয়েক দফায় লে-অফের মেয়াদ বাড়ানোর পর বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২০ ধারা অনুযায়ী অতিরিক্ত শ্রমিক ও কর্মচারীদের ছাঁটাই করা হয়েছে। তাদের আইনানুগ পাওনা পরিশোধের কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। ভবিষ্যতে নতুন কর্মী নিয়োগের প্রয়োজন হলে শ্রম আইনের ২১ ধারা অনুযায়ী ছাঁটাই হওয়া দক্ষ শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার সকালে ছাঁটাই হওয়া কর্মীদের তালিকা দেখতে কারখানার সামনে ভিড় করেন শ্রমিকেরা। চাকরি হারানোর খবরে তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা যায়।
কারখানার সুইং সেকশনের অপারেটর ইয়াসমিন বেগম বলেন, ‘দীর্ঘ ১৮ বছর ধরে এই কারখানায় কাজ করছি। এখন চাকরি হারিয়ে পরিবার নিয়ে কীভাবে চলব, সেটাই চিন্তার বিষয়।’
প্রায় ১৯ বছর ধরে কারখানায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেছেন আবেদা বেগম। ছাঁটাইয়ের খবর পেয়ে কারখানার ফটকের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি। আবেদা বলেন, ‘এত বছর চাকরি করে শেষ পর্যন্ত শূন্য হাতে বিদায় নিতে হচ্ছে।’
জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুজ্জামান এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, পাঁচবার লে-অফের পর এক নোটিশে ৭৩৯ শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। ছাঁটাই হওয়া শ্রমিকদের বকেয়া পাওনা ও ন্যায্য ক্ষতিপূরণ দ্রুত পরিশোধের দাবি জানান তিনি।
কেয়া গ্রুপের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিন বলেন, ছাঁটাই হওয়া শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী সব পাওনা পরিশোধ করা হবে।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৭৩৯ জন কর্মকর্তা ও কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানাগুলোর প্রধান ফটকে পুলিশ মোতায়েন করা হয়েছে।