ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণিল সাঝে সেজেছে সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৫, ২০ অক্টোবর ২০২৬
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণিল সাঝে সেজেছে সিরাজগঞ্জ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণিল সাঝে সেজেছে সিরাজগঞ্জ। ছবিঃ ডেইলি বাংলাদেশ

সন্ধ্যা নামতেই যেন আলোর মায়াবী চাদরে ঢেকে যায় পুরো সিরাজগঞ্জ শহর। সড়কের দুপাশে নানা রঙের ঝলমলে বাতি, মন্দিরে মন্দিরে দৃষ্টিনন্দন সাজসজ্জা আর ঢাক-ঢোলের ছন্দে মুখর চারপাশ। 


কোথাও আলোর ঝলকানি, কোথাও পূজামণ্ডপে দেবী দুর্গার অপরূপ প্রতিমা সব মিলিয়ে শারদীয় দুর্গোৎসবে এক বর্ণিল উৎসবের নগরীতে পরিণত হয়েছে সিরাজগঞ্জ।


শহরের প্রধান সড়ক থেকে অলিগলি, বিপণি বিতান থেকে পূজামণ্ডপ সবখানেই উৎসবের ছোঁয়া। বিকাল গড়িয়ে সন্ধ্যা নামতেই জ্বলে উঠছে রঙিন আলোকসজ্জা। সেই আলোয় নতুন রূপে ধরা দিচ্ছে শহরের পরিচিত পথঘাট। আলোকসজ্জা দেখতে সন্ধ্যার পর থেকেই পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে বের হচ্ছেন নানা বয়সী মানুষ। শুধু স্থানীয় বাসিন্দারাই নন, উৎসবের সৌন্দর্য উপভোগ করতে আশপাশের এলাকা থেকেও ছুটে আসছেন দর্শনার্থীরা।


কেউ পরিবারের সঙ্গে সেলফি তুলছেন, কেউ মুঠোফোনে ধারণ করছেন আনন্দঘন মুহূর্ত, আবার কেউ ব্যস্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও তৈরি করতে। শিশুদের উচ্ছ্বাস, তরুণ-তরুণীদের প্রাণচাঞ্চল্য আর বয়োজ্যেষ্ঠদের মুখে উৎসবের হাসি সব মিলিয়ে সন্ধ্যার পর শহরের রাস্তাঘাট ও পূজামণ্ডপগুলো হয়ে উঠছে মিলনমেলায়। কোথাও ফুচকা, কোথাও ঝালমুড়ি পথের খাবারের দোকানগুলোতেও ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।


দেবী দুর্গার আগমনকে ঘিরে মন্দিরে মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ও পূজা-অর্চনা। মৃন্ময়ী প্রতিমা সেজেছে চিন্ময়ী রূপে। প্রতিমার শৈল্পিক নির্মাণ, রঙের বৈচিত্র্য আর মণ্ডপের নান্দনিক সাজসজ্জা মুগ্ধ করছে দর্শনার্থীদের। ঢাকের বাদ্য, কাঁসার শব্দ, ফুল-ফল ও নানা নৈবেদ্যে দেবীর আরাধনায় মেতে উঠেছেন সনাতন ধর্মাবলম্বীরা। পূজার আনুষ্ঠানিকতার পাশাপাশি মণ্ডপে মণ্ডপে চলছে শুভেচ্ছা বিনিময় ও সম্প্রীতির মিলন।


শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানেই সীমাবদ্ধ নয়, দুর্গোৎসব এখন সিরাজগঞ্জের মানুষের কাছে আনন্দ, সৌহার্দ্য ও মিলনেরও উপলক্ষ। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মণ্ডপে মণ্ডপে ঘুরে উপভোগ করছেন উৎসবের আমেজ।


শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জের নয়টি উপজেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। জেলা ও সংশ্লিষ্ট দপ্তরের তথ্যে পূজামণ্ডপের সংখ্যা নিয়ে কিছুটা ভিন্নতা রয়েছে। প্রকাশ সিরাজগঞ্জ জেলায় এবছর ৫৫৭টি পূজামণ্ডপে নিরাপত্তার মধ্যে দিয়ে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!