নটর ডেমে মৌখিক পরীক্ষা আজ, যা যা লাগবে
নটর ডেম কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষার লিখিত অংশের ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কলেজের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি আবেদনের রোল নম্বর অনুযায়ী মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কলেজের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ভর্তিচ্ছুদের এসএসসি পরীক্ষার জিপিএ এবং ভর্তি পরীক্ষার লিখিত অংশের ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
.png)
নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি আবেদনের রোল নম্বর অনুযায়ী নির্ধারিত সময়সূচি অনুসরণ করে নির্দিষ্ট কক্ষে উপস্থিত হতে হবে। পরীক্ষার নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে কলেজ গেটে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এসএসসিতে প্রাপ্ত জিপিএ, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম তৈরি করে চূড়ান্তভাবে শিক্ষার্থী ভর্তি করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা আগামী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার মধ্যে কলেজের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
মৌখিক পরীক্ষায় যা সঙ্গে আনতে হবে—
১. ভর্তি আবেদনের প্রবেশপত্র
২. এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড
৩. এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র
৪. এসএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট/মার্কশিটের ইন্টারনেট প্রিন্ট কপি এবং সহশিক্ষা কার্যক্রমের সনদ (যদি থাকে)
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মোবাইল ফোন বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে নটর ডেম কলেজ ক্যাম্পাসে মৌখিক পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে না।
এর আগে গত ১০ সেপ্টেম্বর প্রথম দিনে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের আবেদনকারীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরদিন ১১ সেপ্টেম্বর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়।