হাবিপ্রবির সঙ্গে ইরানি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্বাক্ষর
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সঙ্গে ইরানের ডি—৮ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টায় হাবিপ্রবির ভিআইপি কনফারেন্স রুমে ভার্চুয়ালি এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
জানা যায়, হাবিপ্রবির পক্ষে স্মারকে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। ডি—৮ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন উক্ত বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রফেসর ড. আব্বাস আফখামি।
.png)
এ সময় আরো উপস্থিত ছিলেন হাবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, আইআরটির পরিচালক, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেকশনের পরিচালক, অ্যাকাডেমিক শাখা, আইটি সেল এবং জনসংযোগ ও প্রকাশনা শাখার কর্মকর্তাবৃন্দ। ডি—৮ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন ডি—৮ অ্যাডভাইজার ড. মাজাহের আহমাদি, বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক মিলাদ সাকিসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে শুরুতেই হাবিপ্রবি প্রতিষ্ঠার ইতিহাসসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট যাবতীয় বিষয় তুলে ধরেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। তিনি বলেন, আজকের এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে সম্ভাবনার নতুন দুয়ার খুলে গেল। শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সামনের দিনগুলোতে দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরো বৃদ্ধি পাবে বলে আশা করছি।
তিনি ডি—৮ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দসহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
প্রসঙ্গত, বাংলাদেশ সরকার দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়কে ডি—৮ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য মনোনয়ন দিয়েছে, এর মাঝে হাবিপ্রবিও আছে। অন্য বিশ্ববিদ্যালয়গুলো হলো বশেমুরকৃবি, শাবিপ্রবি, খুবি এবং যবিপ্রবি।