জাবিতে ভর্তির আবেদন শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম ভর্তি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল দশটায় এ অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়।
অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, বিভিন্ন অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বুধবার শুরু হওয়া ভর্তি পরীক্ষার অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে আগামী ১৬ জুন পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ৩১ জুলাই থেকে ১১ আগস্ট।
গত বছরের মতো এবারও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অনলাইন কার্যক্রম কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (juniv-admission.org) পাওয়া যাবে।
ভর্তি পরীক্ষার ইউনিট কমলেও ভর্তি পদ্ধতিতে পরিবর্তন আসেনি। এবারো শিফট পদ্ধতিতেই পরীক্ষা নেয়া হবে। ৫৫ মিনিটের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের ৮০টি প্রশ্নের উত্তর দিতে হবে। বহুনির্বাচনী এ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য .২০ নম্বর করে কাটা যাবে। এই ৮০ নম্বরের সঙ্গে ভর্তিচ্ছুদের এসএসসি ও এইচএসসির জিপিএর ভিত্তিতে ২০ নম্বর যোগ হয়ে মেধাতালিকা প্রস্তুত হবে।
এবার ভর্তি পরীক্ষার ইউনিট কমিয়ে পাঁচটি করা হয়েছে। এর সঙ্গে বাড়ানো হয়েছে ভর্তি আবেদন ফরমের মূল্য। চলতি বছরে ভর্তি ফরমের মূল্য ইউনিটভেদে ৯০০ এবং ৬০০ টাকা করে ধরা হয়েছে।
এর আগের বছর (২০২০-২১ শিক্ষাবর্ষ) বিশ্ববিদ্যালয়ে দশটি ইউনিটে ভর্তি পরীক্ষা হয়। সেবার ইউনিটভেদে ভর্তি আবেদন ফরমের মূল্য ছিল ৬০০ এবং ৪০০ টাকা।
এদিকে ভর্তি আবেদন ফরমের মূল্য বাড়ানোর প্রতিবাদে বুধবার দুপুরে মানববন্ধন করেছেন শিক্ষার্থীদের একটি অংশ।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ভর্তি পরীক্ষার নামে প্রতিবছর বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির মহাযজ্ঞ চলছে। এ বছর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইউনিট কমানো হলেও আবেদন ফি বাড়িয়ে ভর্তি বাণিজ্য বহাল রাখা হয়েছে। গত এক বছরের ভর্তি পরীক্ষা থেকে আয়ের ৮ কোটি টাকার হিসেব দিতে পারেনি পরীক্ষা কমিটি। এতে ভর্তি পরীক্ষার বিরাট অনিয়মের বিষয়টি স্পষ্ট হয়।
ভর্তি পরীক্ষার ইউনিট কমলেও ভর্তি পদ্ধতিতে পরিবর্তন আসেনি। এবারো শিফট পদ্ধতিতেই পরীক্ষা নেয়া হবে। ৫৫ মিনিটের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের ৮০টি প্রশ্নের উত্তর দিতে হবে। বহুনির্বাচনী এ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য .২০ নম্বর করে কাটা যাবে। এই ৮০ নম্বরের সঙ্গে ভর্তিচ্ছুদের এসএসসি ও এইচএসসির জিপিএর ভিত্তিতে ২০ নম্বর যোগ হয়ে মেধাতালিকা প্রস্তুত হবে।