ড্রয়ের পথে ঢাকা-রংপুর, ক্ষীণ আশায় চট্টগ্রাম
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় দিনের খেলা শেষ। আর মাত্র একদিন বাকি থাকলেও নিষ্প্রাণ ড্রয়ের দিকে এগোচ্ছে দুই ম্যাচ। কোন অঘটন না ঘটলে এই পরিণতি হবে ঢাকা-রংপুর ও বরিশাল-চট্টগ্রামের মধ্যকার ম্যাচ দুটিতে।
চট্টগ্রামে টায়ার এক এর ম্যাচে তিনদিন চলে গেলেও এখনো নিজেদের প্রথম ইনিংসই শেষ করতে পারেনি রংপুর। প্রথম ইনিংসে সাইফ হাসানের ডাবল সেঞ্চুরির ওপর ভর করে ৮ উইকেটে ৫৫৬ রান নিয়ে ইনিংস ঘোষণা করে ঢাকা।
জবাবে শুরুতে চাপে পড়লেও লিটন দাস ও নাঈম ইসলামের ব্যাটে জবাবটা ভালোই দিচ্ছে রংপুর। দুই ব্যাটসম্যানের শতকে তৃতীয় দিন শেষে ২২২ রানে পিছিয়ে নাসির হোসেনের দল।
ফতুল্লায় টায়ার দুই এর ম্যাচে বড় লিডের সম্ভাবনায় আছে চট্টগ্রাম বিভাগ। নিজেরা ৩৫৬ রানে প্রথম ইনিংসে অল আউট হওয়ার পর বরিশালকে মাত্র ২১৬ রানেই বেঁধে ফেলে তারা।
এক উইকেট হারিয়ে পঞ্চাশ রানে তৃতীয় দিন শেষ করেছে মমিনুল হকের দল।
শেষদিনে সকালে দ্রুত কিছু রান তুলে অল্পসময়ে বরিশালকে অল আউট করলে জয় পেতে পারে চট্টগ্রাম।
তবে বলাই বাহুল্য, ম্যাচটি এত সহজে ছাড়বে না ফজলে মাহমুদের দল।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা বিভাগ বনাম রংপুর বিভাগ
ঢাকা বিভাগ: ৫৫৬/৮
রংপুর বিভাগ: ৩৩৪/৫*
চট্টগ্রাম বিভাগ বনাম বরিশাল বিভাগ
চট্টগ্রাম বিভাগ: ৩৫৬ ও ৫০/১*
বরিশাল বিভাগ: ২১৬