ডাকাতের গুলিতে বিয়ের তিনদিনের মাথায় প্রাণ গেল প্রবাসীর
কক্সবাজারের পেকুয়ায় বিয়ের তিনদিনের মাথায় ডাকাতের গুলিতে নিহত হয়েছেন মো. নুরুনবী নামে এক মালেশিয়া প্রবাসী। এ সময় তার ভাই মো. মোজাম্মেল ও মা হাজেরা বেগম গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৮টার দিকে শিলখালী ইউপির সাপের ঘারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ও আহতরা একই এলাকার হাসান শরীফের ছেলে ও স্ত্রী।
নিহতের বড় ভাই ফরিদুল আলম বলেন, রাত ৮টার দিকে ৮-১০ জনের একদল ডাকাত বাড়িতে হানা দেন। তখন আমি বাড়ির ওঠানে ছিলাম। ডাকাতদল আমার হাত ও চোখ বেঁধে বাড়িতে ঢুকে পড়েন। ওই সময় ডাকাতদল বাড়ির ভিতর ঢুকে স্বর্ণালংকার ও মালামাল ডাকাতি করতে চাইলে সদ্য বিবাহিত ভাই নুরুনবী ও মোজাম্মেলনসহ পরিবারের সদস্যরা বাধা দিলে এলোপাতাড়ি গুলি ও অস্ত্র দিয়ে কোপাতে থাকেন। এ সময় ঘটনাস্থলেই নুরুনবী নিহত ও ভাই, মা আহত হন। একপর্যায়ে গুলি করতে করতে মালামাল নিয়ে চলে যান ডাকাতরা।
নিহতের ভাইপো দেলোয়ার হোসেন বলেন, আমার চাচা বিগত এক মাস আগে মালেয়শিয়া থেকে দেশে আসেন। গত রোববার টইটংয়ের ধনিয়াকাটা এলাকার ইয়াসিন শরীফের মেয়ে ছাদেকা ইয়াসমিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। চাচার শ্বশুর বাড়ি থেকে পাঁচ সদস্য বেড়াতে আসেন। মঙ্গলবার ডাকাতদলের গুলিতে চাচা নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, আহত দুইজনকে পেকুয়া হাসপাতাল আর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসাপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ওই ঘটনায় ডাকাত সদস্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।