ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিয়ে বাড়িতে ঝাড়বাতি লাগাতে গিয়ে নিভে গেল কিশোর আশরাফুলের জীবন

মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৪, ১২ নভেম্বর ২০২৬
বিয়ে বাড়িতে ঝাড়বাতি লাগাতে গিয়ে নিভে গেল কিশোর আশরাফুলের জীবন
মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফাইল ছবি।

ভোলার মনপুরা উপজেলায় বিয়ে বাড়িতে ঝাড়বাতি লাগানোর কাজ করতে গিয়ে জেনারেটরের বিদ্যুৎস্পৃষ্টে মো. আশরাফুল ইসলাম (১৭) নামে এক কিশোর ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়েছে।

বুধবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রাঢ়ী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকনের ছেলে। তিনি কোড়ালিয়া বাজারের সুমন ডেকোরেটরে কর্মরত ছিলেন।

জানা গেছে, বুধবার রাতে আকতার রাঢ়ীর ছেলের বিয়ের অনুষ্ঠানে বিদ্যুতের লাইন ও ঝাড়বাতি স্থাপনের কাজ করছিলেন আশরাফুল। এ সময় জেনারেটর থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন।

মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কবির সোহেল বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া আশরাফুলকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!