ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঈশ্বরদীতে ট্রেন থেকে পড়ে প্রাণ গেল অজ্ঞাত যুবকের

ঈশ্বরদী( পাবনা )প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৬, ১২ নভেম্বর ২০২৬
ঈশ্বরদীতে ট্রেন থেকে পড়ে প্রাণ গেল অজ্ঞাত যুবকের
ছবি- ডেইলি বাংলাদেশ

 

পাবনার ঈশ্বরদীতে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাতপরিচয় (১৮) এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার মুলাডুলি রেলস্টেশন এলাকার রেললাইনের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ।

 

ঈশ্বরদী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, বৃহস্পতিবার সকালে রেললাইনের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে, ওই স্থানটি সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের আওতাধীন। পরে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

 

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার ইনচার্জ খাইরুল ইসলাম তালুকদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেনের ছাদ অথবা দরজা থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। ট্রেন থেকে পড়ে যাওয়ার কারণে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

 

তিনি আরও জানান, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। বর্তমানে মরদেহটি সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।

 

ডেইলি-বাংলাদেশ/পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!