প্যাকিং মেশিনের ঘোষণায় চট্টগ্রাম বন্দরে মিলল সিগারেট তৈরির মেশিন
প্যাকিং ও র্যাপিং মেশিন আমদানির ঘোষণা দিয়ে সিগারেট উৎপাদন ও প্যাকেটজাতকরণের পূর্ণাঙ্গ প্ল্যান্ট আমদানি করেছে ঢাকার একটি প্রতিষ্ঠান। চট্টগ্রাম বন্দরে আসা ছয়টি প্যাকেজের চালানটিতে পাওয়া গেছে সিগারেট তৈরির সাতটি মেশিন। তবে এসব যন্ত্রপাতির মূল্য ঘোষণা করা হয়েছে মাত্র ১৭ হাজার ৬০০ মার্কিন ডলার। বিপরীতে, শুল্ক গোয়েন্দাদের প্রাথমিক হিসাবে মেশিনগুলোর তুলনামূলক মূল্য প্রায় ৪ লাখ ৪৩ হাজার ডলার।
১১ নভেম্বর, বুধবার রাতে চট্টগ্রাম বন্দরে চালানটির কায়িক পরীক্ষা শেষে যন্ত্রপাতিগুলো আটক করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) কর্মকর্তারা। আজ (বৃহস্পতিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার মিরপুরের আমদানিকারক প্রতিষ্ঠান জেআর বিজনেস ওয়ার্ল্ড সংযুক্ত আরব আমিরাতের আলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে চালানটি আমদানি করে। গত ৪ নভেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসে দাখিল করা বিল অব এন্ট্রিতে পণ্যগুলোকে ‘বিএনসি প্যাকিং লাইন মেশিন সেট’ হিসেবে ঘোষণা দেওয়া হয়। এ জন্য প্যাকিং ও র্যাপিং মেশিনের এইচএস কোড ব্যবহার করা হয়েছিল।
তবে কাস্টমস গোয়েন্দাদের পরীক্ষায় চালানটিতে সিগারেট উৎপাদন ও প্যাকেটজাতকরণের সাতটি পৃথক মেশিন পাওয়া যায়। এগুলো হলো—এইচপিএল ২২৫ সিগারেট মেকার, এইচপিএল প্যাকার, এইচপিএল ফিডার, এইচপিএল গ্লুইং মেশিন, সিপি১ সিগারেট প্যাক র্যাপিং মেশিন, এসএএসআইবি বক্সার সিগারেট প্যাকিং মেশিন এবং সেলোফেন ওভারর্যাপার।
অর্থাৎ, শুধু প্যাকেটজাতকরণের সরঞ্জাম নয়, সিগারেট উৎপাদনের মূল মেশিনসহ একটি পূর্ণাঙ্গ উৎপাদন প্ল্যান্টই আমদানি করা হয়েছে।
সিআইআইডির প্রাথমিক তথ্য অনুযায়ী, চালানটির ইনভয়েস মূল্য দেখানো হয়েছে ১৭ হাজার ৬০০ ডলার। অন্যদিকে, ওয়েবসাইটভিত্তিক তুলনামূলক মূল্য বিশ্লেষণে যন্ত্রপাতিগুলোর আনুমানিক দাম পাওয়া গেছে ৪ লাখ ৪৩ হাজার ডলার। দুই মূল্যের ব্যবধান ৪ লাখ ২৫ হাজার ৪০০ ডলার। অর্থাৎ, ঘোষিত মূল্য প্রকৃত আনুমানিক মূল্যের প্রায় ২৫ ভাগের এক ভাগ।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের আশঙ্কা, পণ্যের মূল্য কম দেখিয়ে এভাবে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের চেষ্টা হয়ে থাকতে পারে। তবে মেশিনগুলোর মডেল, বয়স, ব্যবহারজনিত অবস্থা এবং তুলনাযোগ্য আমদানিমূল্য যাচাই করে চূড়ান্ত শুল্কায়নযোগ্য মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছে অধিদপ্তর।
আমদানি নথি অনুযায়ী, সাড়ে পাঁচ টন ওজনের এ চালান খালাসের দায়িত্বে রয়েছে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এক্সপ্রেস লজিস্টিকস লিমিটেড।
সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইআইডি আরও জানায়, দেশে সিগারেট উৎপাদনের সঙ্গে যুক্ত প্রায় ২৯টি প্রতিষ্ঠান অথবা তাদের অনুমোদিত সরবরাহকারীর মাধ্যমে এ ধরনের যন্ত্রপাতি আমদানি হওয়া সমীচীন। এ কারণে আমদানিকারক, প্রকৃত ক্রেতা ও চূড়ান্ত ব্যবহারকারীর পরিচয় এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা যাচাই করা হবে।
অধিদপ্তরের আশঙ্কা, যথাযথ সংশ্লিষ্টতা ছাড়া এ ধরনের যন্ত্রপাতি আমদানি ও ব্যবহার করা হলে পরিচিত ব্র্যান্ড ও শীর্ষ করদাতা প্রতিষ্ঠানগুলোর সিগারেট নকল করে বাজারজাত করার সুযোগ তৈরি হতে পারে। এতে ভোক্তারা প্রতারিত হওয়ার পাশাপাশি বৈধ উৎপাদনকারীরা ক্ষতিগ্রস্ত হবেন এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাতে পারে।