ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চট্টগ্রামে খোলা সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৮, ১২ নভেম্বর ২০২৬
চট্টগ্রামে খোলা সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু
বুধবার বিকেল ৫টার দিকে ফটিকছড়িতে বাড়ির খোলা সেপটিক ট্যাংকে পড়ে মো. সাঈদ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

চট্টগ্রামের ফটিকছড়িতে বাড়ির খোলা সেপটিক ট্যাংকে পড়ে মো. সাঈদ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

১১ নভেম্বর, বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার ৪ নম্বর সুন্দরপুর ইউনিয়নের গোলাপ চৌধুরীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাঈদ ওই এলাকার বাসিন্দা আখতার হোসেনের ছেলে। সে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু শ্রেণিতে পড়ত।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর শিশুটির চাচা রশি বেঁধে সেপটিক ট্যাংকের পানিতে নেমে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বাড়ির সেপটিক ট্যাংকটির ঢাকনা প্রায় ছয় মাস ধরে খোলা ছিল। বিষয়টি একাধিকবার বাড়ির মালিককে জানিয়ে সতর্ক করা হলেও সেটি ঢেকে দেওয়ার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।স্থানীয়দের দাবি, ট্যাংকটি নিরাপদ করা হলে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব হতে পারত।

বাড়িটির মালিক স্থানীয় একটি মাদরাসার সুপার মাওলানা শামসুল ইসলাম। তার বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, দীর্ঘদিন ধরে সেপটিক ট্যাংকটি খোলা থাকার বিষয়টি জানানো হলেও কেন প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়নি? সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।
 

ডেইলি-বাংলাদেশ/চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!