ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]
৮ মাসেও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়নি

নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে আন্দোলন অব্যাহত থাকবে : নাহিদ ইসলাম

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৭, ৩ নভেম্বর ২০২৬
নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে আন্দোলন অব্যাহত থাকবে : নাহিদ ইসলাম
ছবি- ডেইলি বাংলাদেশ

সরকারের ব্যর্থতা ও দেশজুড়ে বিরাজমান নৈরাজ্যজনক পরিস্থিতির প্রতিবাদে সাধারণ মানুষকে রাজপথে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, আট মাস অতিক্রম করলেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। এই সরকারকে সঠিক পথে আনতে এবং জবাবদিহিতার আওতায় আনতে আন্দোলনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে পাবনা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক মতবিনিময় সভার পূর্বে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। মূলত দলের সাংগঠনিক কাঠামো জোরদার করা ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এনসিপি এই মতবিনিময় সভার আয়োজন করে।

 

শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে যৌক্তিক উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, শ্রমিকদের সঙ্গে সরকারের আলোচনা করা উচিত ছিল। সঠিক সময়ে উদ্যোগ নিতে সরকার ব্যর্থ হয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে এনসিপি থাকবে। অতীতে শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলনকে যৌক্তিক বলা হলেও এখন কেন বিএনপি তাদের ন্যায্য দাবির পক্ষে অবস্থান নিচ্ছে না, সেই প্রশ্নও তোলেন তিনি।

 

তিনি আরও বলেন, ফ্যাসিস্টরা দেশে নৈরাজ্য সৃষ্টি করলে এর দায় সরকারকেই নিতে হবে। বিরোধী দলের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। অথচ যারা দেশের শত্রু, জাতির শত্রু, তাদের ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে সরকারের তেমন তৎপরতা দেখা যাচ্ছে না।

 

বিএনপির সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, সারা দেশে আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বিএনপি। এই সরকার আট মাসে ব্যর্থ হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আমরা এসেছি। কীভাবে আন্দোলন করতে হয়, তা আমাদের জানা আছে। সরকারের ওপর জনগণের আস্থা নেই। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোও ভঙ্গ করা হয়েছে।

 

গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, সরকার আবারও গ্যাসের দাম বাড়িয়েছে। এতে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হবে। গ্যাসের দাম আরও বাড়লে তা বাজারে ৩ হাজার ৩৫০০ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে।

 

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সারা দেশে স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি আলাদাভাবে অংশ নেবে। ডিসেম্বরে দেশে কোনো পরিস্থিতির অবনতি হলে তার দায় সরকারকেই নিতে হবে। ডিসেম্বর মাসে এনসিপি রাজপথে থাকবে। জনগণের অধিকার ও দেশের স্বার্থে আন্দোলন চলবে।

 

গঙ্গা পানিবণ্টন চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, সরকারের ব্যর্থতার কারণে গঙ্গা চুক্তি করা সম্ভব হচ্ছে না। পানির ন্যায্য হিস্যার দাবিতে ডিসেম্বর মাসে এনসিপি রাজপথে আন্দোলন করবে।

 

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকার প্রমুখ।

 

 

 

ডেইলি-বাংলাদেশ/পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!