ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুর, কারখানার গোডাউনে আগুন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪২, ১ নভেম্বর ২০২৬
বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুর, কারখানার গোডাউনে আগুন
গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে রোববার কারখানায় আগুন দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় একটি কারখানার গোডাউন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়িও আটকে দেওয়া হয়েছে। এতে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে ট্রপিকাল নিটেক্স লিমিটেডের একটি গোডাউনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুনের ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে তা মূল কারখানায় ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

কালিয়াকৈর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, ট্রপিকাল নিটেক্স লিমিটেডের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। তবে চন্দ্রায় পৌঁছানোর পর শ্রমিকদের অবরোধের কারণে সামনে এগোতে পারছেন না। এ ছাড়া তাঁরা কোনো সহযোগিতাও পাচ্ছেন না।

এদিকে গত দুই সপ্তাহ ধরে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক ও সফিপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ চলছে। শ্রমিকদের বেতন বাড়ানোর দাবির পরিপ্রেক্ষিতে সরকার নতুন মজুরি বোর্ড গঠন করলেও বিভিন্ন কারখানায় অসন্তোষ অব্যাহত রয়েছে।

গতকাল শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। রোববার সকাল থেকে আবারও আন্দোলন শুরু হলে আশপাশের বিভিন্ন কারখানা বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহাসড়কে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনায় শিল্পাঞ্চলে অস্থিরতা আরও বেড়েছে।

 

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!