সাজেকে ১২ ঘণ্টার সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল
নিরাপত্তা নিশ্চিত করা এবং সশস্ত্র গোষ্ঠীর তৎপরতার প্রতিবাদে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ১২ ঘণ্টার সড়ক অবরোধ চলছে। রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাজেক পর্যটন সড়ক ও দীঘিনালা সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
অবরোধের কারণে সকাল থেকে দীঘিনালা হয়ে সাজেকগামী কোনো যানবাহন চলাচল করেনি। দীঘিনালা, বাঘাইহাটের ১০ নম্বর এলাকা ও কাঁঠালতলীতে সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি, বাঁশ ও ইট ফেলে এবং টায়ার জ্বালিয়ে অবরোধ করেন পিকেটাররা। এতে বাঘাইছড়ি, লংগদু ও সাজেকের সঙ্গে দেশের অন্যান্য এলাকার সড়ক যোগাযোগ ব্যাহত হয়।
পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির ডাকে এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারাও অংশ নেন। গত ৩১ অক্টোবর সংগঠনটির সদস্য সচিব বিন্দু লাল চাকমা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে অবরোধের ঘোষণা দেওয়া হয়। এতে সাজেক ইউনিয়নে সশস্ত্র সংগঠনগুলোর তৎপরতা, পর্যটন কার্যক্রমে বাধা এবং সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হওয়ার প্রতিবাদ জানানো হয়। তবে রোগীবাহী অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি ও সংবাদকর্মীদের যানবাহন অবরোধের আওতামুক্ত রাখা হয়েছে।
অন্যদিকে, নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীসহ পণ্য পরিবহনের সুবিধার্থে একই সময়ে অবরোধ শিথিলের ঘোষণা দেয় ইউপিডিএফ সমর্থিত সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন।
এর আগে শনিবার দুপুরে সাজেকের কলাবুনিয়া এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র সদস্যদের সঙ্গে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটে। এতে কোনো পক্ষের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সাজেক থেকে পিসিজেএসএসের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারী অ্যাসোসিয়েশন গত ২২ অক্টোবর থেকে তৃতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ পালন করছে। সংগঠন দুটির অভিযোগ, সশস্ত্র সদস্যদের উপস্থিতিতে স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
দীর্ঘদিনের অবরোধে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি খাদ্যসামগ্রী ও ওষুধের সংকট দেখা দিয়েছে। বন্ধ রয়েছে পর্যটন কার্যক্রমও। পরিস্থিতি স্বাভাবিক করতে গত ২৬ অক্টোবর উজো বাজারে আন্দোলনকারীদের সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক হয়। পাঁচ দফা দাবির মধ্যে চারটি বিষয়ে সমঝোতা হলেও সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার বিষয়ে ঐকমত্য না হওয়ায় অবরোধ প্রত্যাহার হয়নি।
নিরাপত্তাজনিত কারণে গত ২২ অক্টোবর থেকে সাজেক পর্যটন ভ্যালিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল রেখেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।