গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত
রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে রোববার (১ নভেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর নানা কর্মসূচির আয়োজন করে।
সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদা। বিশেষ অতিথি ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক মো. মোশারফ আহমেদ, সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম তিতাসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
এ ছাড়া সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. সাইফুল হুদা বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার উৎস। তরুণরাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি ও সমাজ উন্নয়নে নেতৃত্ব দেবে। তাই বেকারত্ব দূর করতে শুধু চাকরির পেছনে না ছুটে দক্ষতা অর্জন, প্রশিক্ষণ গ্রহণ ও আত্মকর্মসংস্থানে মনোযোগী হতে হবে।
তিনি আরও বলেন, সরকার প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ দেওয়ার মাধ্যমে যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার সুযোগ তৈরি করছে। এসব সুযোগ কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের কর্মসংস্থানেও ভূমিকা রাখতে হবে। দক্ষ, সৃজনশীল ও কর্মমুখী যুবসমাজ গড়ে তুলতে পারলেই সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।
আলোচনা সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা বক্তব্য দেন। পরে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুবকদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়।