ডুমুরিয়ায় তিন দিনব্যাপী জাতীয় যুব দিবসের কর্মসূচি শুরু
খুলনার ডুমুরিয়ায় তিন দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস–২০২৬ উদযাপন শুরু হয়েছে। ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে আজ রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে যুব সমাবেশ ও র্যালির মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার। স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান।
আলোচনা সভা শেষে যুব সংগঠনগুলোর মধ্যে সনদ বিতরণ করা হয়। এ ছাড়া যুব উন্নয়ন কার্যক্রমের প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মসূচির দ্বিতীয় দিন আগামীকাল ২ নভেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হবে। ৩ নভেম্বর শেষ দিনে উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে।
ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত এ কর্মসূচিতে কেয়ার বাংলাদেশের অংশীদার সংস্থা দ্য আর্থ সোসাইটি ইকোনমিক অ্যাকসিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নট ইন এডুকেশন, এমপ্লয়মেন্ট অর ট্রেনিং (আর্ন) প্রকল্পের আওতায় যুবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে অবহিত করে।