কিডস টাইমের নবম বর্ষপূর্তি উদযাপন
শিশুদের গান, ছড়া, নাটক, নৃত্য ও শিল্পকর্ম প্রদর্শনীর মধ্য দিয়ে নবম বর্ষপূর্তি উদযাপন করেছে কিডস টাইম। শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির শাখায় এ আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।
অনুষ্ঠানে শিশুদের পরিবেশনায় মঞ্চস্থ হয় ‘পেট কাণ্ড’ নাটক। তারা গান, ছড়া ও নৃত্যও পরিবেশন করে। এ ছাড়া শিক্ষার্থীদের আঁকা ছবি ও বিভিন্ন শিল্পকর্ম নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়।
২০১৭ সালে যাত্রা শুরু করে কিডস টাইম। প্রতিষ্ঠানটি আফটার-স্কুল ও প্রি-স্কুল কার্যক্রমের মাধ্যমে শিশুদের সৃজনশীলতা, যোগাযোগ ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে কাজ করে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশের বিভিন্ন এলাকার পাশাপাশি প্রবাসে থাকা ছয় হাজারের বেশি শিশু তাদের বিভিন্ন কোর্সে অংশ নিয়েছে।
কিডস টাইমে খেলার মাধ্যমে শেখানোর পদ্ধতিতে আর্ট, স্টোরিটেলিং, সিঙ্গাপুর ম্যাথ ও যোগাযোগ দক্ষতাবিষয়ক কোর্স পরিচালিত হয়। এ ছাড়া মন্টেসরি পদ্ধতিতে পরিচালিত হয় তাদের প্রি-স্কুল কার্যক্রম।
কিডস টাইমের প্রতিষ্ঠাতা তাহমিনা রহমান সাথী বলেন, ‘শুরু থেকেই আমরা চেয়েছি, শিশুরা যেন আনন্দের সঙ্গে নতুন কিছু শিখতে পারে। নয় বছরে অনেক শিশুকে আমাদের সঙ্গে বেড়ে উঠতে দেখেছি। কেউ ছবি আঁকতে ভালোবাসে, কেউ গল্প বলতে বা নতুন কিছু তৈরি করতে পছন্দ করে। তাদের এসব আগ্রহকে গুরুত্ব দিয়েই আমরা কোর্স ও কার্যক্রম সাজানোর চেষ্টা করি।’
তিনি বলেন, আগামী দিনেও শিশুদের আগ্রহ ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কার্যক্রম চালিয়ে যেতে চান তাঁরা।